চিকিৎসকদের ধারণা, মৃত্যু হয়েছে নিপাহ ভাইরাসে
খেজুরের রস খেয়ে অসুস্থ, এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পটুয়াখালী সদর উপজেলায় খেজুরের রস পানের পর অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার নার্গিস আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নার্গিসের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকেরা। নার্গিস সদর উপজেলার গাবুয়া গ্রামের হাসান সিকদারের মেয়ে। সে এবার গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। নার্গিসের বাবা হাসান সিকদার বলেন, বুধবার বিকেলে খেজুরের রস খাওয়ার কিছুক্ষণ পর নার্গিস অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে তার অবস্থার অবনতি ঘটলে বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে নার্গিসের মৃত্যু হয়।জেনারেল হাসপাতালের কনিষ্ঠ পরামর্শক মো. আতিকুর রহমান বলেন, লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নার্গিসের মৃত্যু হয়েছে। তবে এখানে এই ভাইরাস নির্ণয়ে কোনো পরীক্ষার ব্যবস্থা না থাকায় নিশ্চিত করে বলা যাচ্ছে না।