খেত থেকে উদ্ধার হলো এসএসসির ২০০ খাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি গমখেত থেকে গতকাল শুক্রবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ২০০ খাতা উদ্ধার করা হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে খাতাগুলো মূল্যায়নের জন্য বড়াইগ্রামের নগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনকে দেওয়া হয়েছিল। থানা সূত্রে জানা যায়, শিক্ষক আলাউদ্দিন গত বৃহস্পতিবার বোর্ড থেকে সাধারণ বিজ্ঞান বিষয়ের ২০০ খাতা নেন। রাজশাহী থেকে বাসে উঠে তিনি বড়াইগ্রামের কয়েনবাজারে এসে নামেন। পরে রিকশাভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে কুড়সাইট এলাকায় খাতাভর্তি বস্তা ভ্যানে রেখে তিনি প্রস্রাব করতে নামেন। এ সময় তাঁর অগোচরে ভ্যানচালক খাতার বস্তা নিয়ে পালিয়ে যান। খাতার সন্ধান না পেয়ে বৃহস্পতিবার রাতে তিনি থানায় জিডি করেন। এলাকায় মাইকিং করেও খাতার সন্ধান পাননি তিনি। গতকাল সকালে কুড়সাইট গ্রামের একজন কৃষক তাঁর গমখেতে গিয়ে খাতার বস্তা দেখে থানায় খবর দেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করেন। শিক্ষক আলাউদ্দিন এবং ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।