খেত থেকে বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্ত এলাকায় গতকাল সোমবার সকালে গমখেতে কাজ করার সময় এরফান আলী (৫০) নামের এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এরফানের বাড়ি উপজেলার উপচাকপাড়া গ্রামে।গতকাল বেলা সাড়ে তিনটার দিকে একই সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে প্রসেনজিৎ মণ্ডল (২৫) নামের ভারতের নাগরিককে আটক করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে চকপাড়া সীমান্তসংলগ্ন গমখেতে কাজ করছিলেন এরফান। গমখেতটি সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে। একপর্যায়ে সীমান্তে তার কাঁটার বেড়া কাটার অভিযোগ এনে এরফানকে ধরে নিয়ে যায় বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের ৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম প্রথম আলোকে জানান, পতাকা বৈঠকের মাধ্যমে এরফানকে ফেরত চেয়ে বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে। সন্ধ্যা সাতটার দিকে এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত এরফানকে ফেরত পাঠানো হয়নি। আটক প্রসেনজিতের বাড়ি ভারতের মালদহ জেলার নওদা গ্রামে।