খেত-বন সবখানেই তামাক চুল্লি
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়ন একসময় উপজেলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত ছিল। এখন সেখানে ঘরে ঘরে চলছে তামাক শুকানো ও পোড়ানোর কাজ। বনভূমিসহ প্রায় তিন হাজার একর জমিতে এ বছর তামাকের চাষ হয়েছে। বর্তমানে সেখানে দেড় হাজার চুল্লিতে তামাক পোড়ানো চলছে। বনভূমিতে বসানো হয়েছে ৩০-৪০টি চুল্লি। তামাক পোড়ানোর কাজে নিয়োজিত রয়েছে আট হাজার শিশুসহ প্রায় ১২ হাজার শ্রমিক। চিকিৎসকদের মতে, তামাকের বিষাক্ত নিকোটিনে শ্বাসকষ্ট, ক্যানসারসহ নানা জটিল রোগ হতে পারে। তবে চাষিরা জানান, সবজির চেয়ে তামাক চাষে লাভ বেশি। অগ্রিম ঋণ, পর্যাপ্ত সার, কীটনাশক—সবই সহজে পাওয়া যায়। তামাকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে ধারণা না থাকায় স্বাস্থ্য-ঝুঁকির বিষয়টি তাদের কাছে তুচ্ছ।কয়েকজন তামাকচাষির সঙ্গে আলাপ করে জানা গেছে, শুধু গর্জনিয়া, কচ্ছপিয়া ও কাউয়ারখোপ ইউনিয়নে এ বছর প্রায় দেড় হাজার তামাক-চুল্লি বসানো হয়েছে। প্রতি দুই একর তামাক চাষের বিপরীতে রয়েছে একটি চুল্লি। নদীর তীর, বসতবাড়ির আঙিনা, খেতের মাঝে ও বনের ভেতরে বসানো হয় চুল্লি। সব চুল্লিতেই বনের কাঠ দিয়ে তামাকপাতা পোড়ানো হয়। স্থানীয় লোকজন জানান, তামাক চাষের কারণে বর্তমানে গর্জনিয়া-কচ্ছপিয়ায় বছরে প্রতি কানি জমির লাগিয়ত (খাজনা) ২০ থেকে ২৫ হাজার টাকা। কিন্তু সবজি চাষিরা পাঁচ-ছয় হাজার টাকার বেশি দিতে পারে না। সে কারণে জমির মালিকেরাও বেশি লাভের আশায় তামাকচাষিদের কাছে জমি বর্গা দিচ্ছেন। কাউয়ারখোপের মইশকুম এলাকায় চার কানি জমিতে তামাক চাষ করেছেন এরশাদ উল্লাহ (৩৮)। ঘরের পাশে বনভূমিতে তৈরি করেছেন চুল্লি। ঘরের ভেতর মজুদ করেছেন বিপুল পরিমাণ তামাকপাতা। তিনি বলেন, ‘শুনেছি এটা শরীরের জন্য খুব ক্ষতিকর। কিন্তু কী করব, অন্য ১০ জনের মতো আমিও করছি।’ বনভূমিতে চুল্লি করার ব্যাপারে তিনি বলেন, ‘চুল্লিটি বন বিভাগের লোকজন দুইবার ভেঙে দিয়েছিল, কিন্তু তামাকপাতা বিক্রি করতে না পারলে খাব কী? তাই চুল্লিটি আবার করেছি।’বন বিভাগের জমিতে চুল্লি বসানোর ব্যাপারে বাঁকখালীর রেঞ্জ কর্মকর্তা আবদুল হক মোল্লা জানান, ৩২টি চুল্লি হয়েছিল, অনেক চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। চুল্লি গুঁড়িয়ে দিতে এবং অবৈধ কাঠ উদ্ধার করতে গিয়ে বন বিভাগের কর্মীরা একাধিকবার হামলার শিকার হচ্ছেন। তবুও অভিযান অব্যাহত রয়েছে। হামলার ঘটনায় বন বিভাগ এ পর্যন্ত তিনটি মামলা করেছে। স্থানীয় লোকজন জানান, তামাক পোড়ানোর একটি চুল্লিতে আট-দশ জন শ্রমিক কাজ করেন। চাষিরা কম পারিশ্রমিক দিতে ১২ থেকে ১৪ বছরের শিশুদের কাজে লাগাচ্ছেন। বর্তমানে এসব চুল্লিতে প্রায় আট হাজার শিশুশ্রমিক নিয়োজিত।কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত বাপ্পী জানান, তামাকের বিষাক্ত নিকোটিনের প্রভাবে শিশুরা শ্বাসকষ্ট, রক্তনালী সংকোচন, হাঁপানি ও বয়স্কদের হূদরোগ, ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে। গর্ভবর্তী মহিলারা আক্রান্ত হলে অনাগত শিশুদের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।