খেতভরা ফসল মনজুড়ে বিষণ্নতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহর থেকে বারপুর হয়ে নামুজার দিকে যাওয়ার যে সড়ক, সেখান দিয়ে শিবগঞ্জ উপজেলায় গেলে চোখে পড়বে মাঠের পর মাঠ আলুর জমি। চাষিরা আলু তোলা নিয়ে ব্যস্ত। মাঠের মধ্যেই আলু তুলে ফেলে রাখা হয়েছে। প্রচুর আলু পেলেও চাষিদের মুখে হাসি নেই। কারণ বাজারে আলুর দাম নেই। যে দাম আছে, তা দিয়ে উৎ পাদন খরচের অর্ধেকও উঠবে না। চাষিদের কেউ কেউ বলেছেন, শেয়ারবাজারের দাম পড়ে গেলে হইচই হয়, কিন্তু আলুর দাম পড়ে গেলে কেউ খোঁজ নেয় না। শিবগঞ্জের মোকামতলা এলাকার চাষি মকবুল মিয়া বলেন, ‘এত আলু কুটি রাখমো। বাজারে লিয়ে গেলি কেউ দাম কবার চায় না। এক মণ আলু ৭০-৮০ টাকায় বেচলি হামাগোরে মরণ ছাড়া আর কিছু হবি না। স্টোরে (হিমাগার) রাখপার গেলি কয় জায়গা নাই। আবার অন্য মানুষেরা গিলি ঠিকই তাগেরক দিচ্ছে কার্ড।’ মকবুল মিয়া এবার আট বিঘা জমিতে সাদা আলু চাষ করেছিলেন। খরচ পড়েছে এক লাখ টাকা। আর আলু বিক্রি করেছেন মাত্র ৫৫ হাজার টাকার। তাঁকে লোকসান গুনতে হয়েছে ৪৫ হাজার টাকা। এই টাকা কীভাবে বের করবেন, সেই চিন্তায় অস্থির চাষি মকবুল মিয়া।একই উপজেলার রায়নগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চাষি মোয়াজ্জিন হোসেন বলেন, ‘আলুর ফলন ভালো পাছি। কিন্তু দাম নাই। হাটে নিয়ে গেলে দাম বলতে চায় না। স্টোরে আলু রাখতে চাইলে সেখানে জায়গা নেই বলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।’ শিবগঞ্জের সচ্ছল কৃষক ও ব্যবসায়ী আলমগীর হোসেন অভিযোগ করেন, হিমাগারগুলোতে বস্তাপ্রতি আলুর ভাড়া নিচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা। সাধারণ চাষিরা এমনিতে লোকসানের মুখে, তার ওপর হিমাগারের ব্যবসায়ীরা এ বছর থেকে ভাড়া বাড়িয়েছেন। কম দামে আলু বিক্রি করে দেওয়া প্রসঙ্গে কৃষক সোলেমান আলী বলেন, ‘লোকসান হলিও কিছু করার নেই। বোরো লাগানো লাগবি না!’ শিবগঞ্জের নিউ কাফেলা হিমাগারের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, তাঁদের হিমাগারের ধারণক্ষমতা এক লাখ বস্তা। গত বছর প্রতি বস্তা আলুর ভাড়া নেওয়া হয়েছে ২৫০ টাকা। এবার ৩০০ টাকা করা হয়েছে। বিদ্যুৎ সহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানো হয়েছে। আগে থেকেই বুকিং দেওয়ার কারণেই চাষিরা ঘুরে গেছেন। উত্তরা হিমাগারের ব্যবস্থাপক বিভূতিভূষণ সরকার বলেন, ‘আমরা এখনো ভাড়া নির্ধারণ করিনি। গত বছর ভাড়া ছিল ২৫০ টাকা। এবার হয়তো কিছু বাড়তে পারে।’ তিনি জানান, ‘এ বছর আলুর উৎ পাদন হয়েছে বেশি। যে কারণে মৌসুমি ব্যবসায়ীদের পাশাপাশি চাষিরা আলু রাখার জন্য হিমাগারে ছুটে আসছেন। কিন্তু তাঁদের হিমাগারে ধারণক্ষমতা এক লাখ বস্তা।’ বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন জানান, এ বছর জেলায় ৫৬ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও চাষ হয়েছে প্রায় ৬৪ হাজার হেক্টর জমি। লক্ষ্যমাত্রা ছিল নয় লাখ মেট্রিক টন, যা ১০ লাখ টন পেরিয়ে গেছে।