খেতাবপ্রাপ্ত ও পদকপ্রাপ্তদের ভাতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক—এই চার ধরনের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়ছে। তবে মুক্তিযুদ্ধের পর পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংঘাতের সময় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য যাঁরা এ ধরনের খেতাব পেয়েছেন, তাঁরা কম ভাতা পাবেন। নতুন করে আর এ ধরনের খেতাব দেওয়া হবে না।গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার এসব সিদ্ধান্ত নেওয়া হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য এসব সিদ্ধান্ত মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সভায় উপস্থিত একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে।জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কমিটির বৈঠকে পদক ও পদকপ্রাপ্তদের মূল্যমান ও মাসিক আনুতোষিক (ভাতা) বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এখন সেটা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।জানা গেছে, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাব পাওয়া বীরশ্রেষ্ঠদের মাসিক ভাতা বর্তমানের ২০০ থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা, বীর উত্তমদের ১৫০ থেকে বাড়িয়ে ১০ হাজার, বীর বিক্রমদের ১২৫ থেকে বাড়িয়ে আট হাজার এবং বীর প্রতীকদের ১০০ থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করার সিদ্ধান্ত হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মুক্তিযুদ্ধের পর পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংঘাতের সময় দায়িত্ব পালনকালে পাঁচজনকে বীর উত্তম, ২০ জনকে বীর বিক্রম ও ৮২ জনকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। তাঁরাও একই সম্মানী পান। কিন্তু এখন মুক্তিযোদ্ধাদের তুলনায় তাঁরা কম পাবেন। এ ক্ষেত্রে বীর প্রতীকদের জন্য মাসিক দুই হাজার, বীর বিক্রমদের তিন হাজার ও বীর উত্তমদের জন্য চার হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে।অন্য বাহিনীর পদকপ্রাপ্তদের ভাতাও বাড়ছে: সশস্ত্র বাহিনী, পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খেতাবপ্রাপ্ত সদস্যদের মাসিক ভাতাও বাড়ানো হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পাঁচ বাহিনীর মাসিক ভাতার পরিমাণও এক করার সিদ্ধান্ত হয়েছে।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদারসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধানেরা।