খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। ছবি: ফোকাস বাংলা

খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়ছে। একই সঙ্গে শহীদ পরিবারের ভাতাও বাড়ছে।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, খেতাবপ্রাপ্তদের মধ্যে বীরশ্রেষ্ঠদের সম্মানী ভাতা মাসিক ১২ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। বীর উত্তমদের ১০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা। বীর বিক্রমদের ৮ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা। বীর প্রতীকদের ৬ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে।

সাত বীরশ্রেষ্ঠ শহীদ পরিবারের জন্য সম্মানী ভাতা ২৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে। শহীদ পরিবারের জন্য ভাতা বাড়িয়ে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করা হয়েছে। মৃত-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ভাতা বাড়ানো হয়েছে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে ‘এ’ শ্রেণির সম্মানী ভাতা বাড়ানো হয়েছে ৩০ হাজার থেকে ৪৫ হাজার টাকা। ‘বি’ শ্রেণির ২০ হাজার থেকে ৩৫ হাজার টাকা। ‘সি’ শ্রেণির ১৬ হাজার থেকে ৩০ হাজার টাকা। ‘ডি’ শ্রেণির ৯ হাজার ৭০০ টাকা থেকে ২৫ হাজার টাকা।

চলতি বছরের জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, যাঁরা দুই ধরনের ভাতাপ্রাপ্ত, তাঁদের ক্ষেত্রে যে ভাতাটি বেশি, তাঁরা সেটি পাবেন।

মন্ত্রিসভার আজকের বৈঠকে বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষক বা বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়সসীমা-সংক্রান্ত একটি অবস্থানপত্র গ্রহণ করা হয়।

অবস্থানপত্রে এ ধরনের বিজ্ঞানী-গবেষকদের অবসরগ্রহণের বয়সসীমা বাড়ানোর প্রস্তাব উল্লেখ রয়েছে। তবে বয়স কত হবে, তা বলা হয়নি।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই অবস্থানপত্রে বয়স বাড়ানোর জন্য তিনটি প্রস্তাব করা হয়েছে।

আজকের বৈঠকে বাংলাদেশ শিপিং করপোরেশন আইন ২০১৬-এর খসড়া, জাতীয় লবণনীতির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আর্থিক পরিধি বাড়িয়ে আরেকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক ও আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক স্থান পাওয়ায় মন্ত্রিসভায় অভিনন্দন প্রস্তাব পাস হয়।
এ ছাড়া থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের মৃত্যুতে শোকপ্রস্তাব পাস হয়।