খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা মাসিক ১২ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা, বীর উত্তমদের ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা, বীর বিক্রমদের ভাতা ৮ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের ভাতা ৬ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হচ্ছে।
একই সঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতাও বাড়ানো হচ্ছে। একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ পরিবার মিলিয়ে মোট ৮ হাজার ৫১৪ জনকে ভাতা দেওয়া হয়। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া শুরু হয় ২০১৩ সাল থেকে।
ভাতা বাড়ানো হচ্ছে—এ বিষয়টি নিশ্চিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল রোববার বলেন, আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভাতা বাড়ানো-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। তিনি বলেন, তাঁদের অবদানের তুলনায় ভাতা খুবই কম। তাই বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলে চলতি বছরের জানুয়ারি থেকে তা কার্যকর করা হবে।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো-সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, ‘এ’ শ্রেণির (যাঁরা ৯৬ থেকে ১০০ শতাংশ পঙ্গু) ২০ জনের মাসিক ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪৫ হাজার টাকা করা হবে। ‘বি’ শ্রেণির যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা ৩৫ হাজার টাকা হবে, বর্তমানে ২০ হাজার টাকা। এই শ্রেণিতে মুক্তিযোদ্ধার সংখ্যা ২ হাজার ৪৭৫ জন। ‘সি’ শ্রেণির (আগের ‘ডি’) যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা, ‘ডি’ শ্রেণির ভাতা ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা, সাত বীরশ্রেষ্ঠ শহীদ পরিবারের ভাতা ২৮ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা সুপারিশ করা হয়েছে। তারামন বিবি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হিসেবে ভাতা পাবেন।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর গেজেটের মাধ্যমে সাতজনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। ২০১১ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে বিভিন্ন বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হয়। এই সুবিধা পাচ্ছিলেন সেনাবাহিনীর ২৫১ জন, নৌবাহিনীর ২১ জন, বিমানবাহিনীর ২৩ জন, বিজিবির ১১৮ জন এবং আনসারের একজন সদস্য। কিন্তু খেতাবপ্রাপ্ত বেসামরিক ২১৭ জন মুক্তিযোদ্ধা আগের হারে সম্মানী ভাতা পাচ্ছিলেন। এটি সমন্বয় করতে ২০১৩ সালের ২২ জুলাই খেতাবপ্রাপ্ত বেসামরিক মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র বলেছে, এ বছরের ২৪ এপ্রিল খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা, ২০১৬ এবং খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। ২ মে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হলে কয়েকজন সদস্য বিষয়টি পর্যালোচনা করে পুনঃ উপস্থাপনের মতামত দেন। এরই ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং নৌপরিবহনমন্ত্রীর সমন্বয়ে আন্তমন্ত্রণালয় সভা হয়। সভায় খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত, মৃত যুদ্ধাহত পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং বীরশ্রেষ্ঠদের মাসিক সম্মানী ভাতা পুনর্নির্ধারণের বিষয়ে খসড়া চূড়ান্ত করা হয়।