খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও স্বজনদের সেনা প্রধানের সংবর্ধনা
সেনাবাহিনীর খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা ও তাঁদের নিকটাত্মীয়দের গতকাল সোমবার সংবর্ধনা দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ভাই মঞ্জুর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ভাই মো. শুকুর আলী এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা বেগম ও পুত্রবধূ পারভীন আক্তার মুক্তির হাতে উপহার তুলে দেন সেনাপ্রধান।পরে সেনাপ্রধান পর্যায়ক্রমে বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাব পাওয়াদের পরিবার ও জীবিত সদস্যদের মধ্যে উপহারসামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত খেতাব পাওয়া সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয় এবং ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।