খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান

২০২০-২০২১ সালে শান্তিকালীন সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘অসামান্য সেবা পদক’ এবং ‘বিশিষ্ট সেবা পদক’ প্রাপ্ত সেনাসদস্যদের পদকে ভূষিত করেন সেনাবাহিনী প্রধানছবি: আইএসপিআর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশস্ত্র বাহিনী দিবস ২০২১ উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে মহান স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২০-২০২১ সালে শান্তিকালীন সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি) এবং ‘বিশিষ্ট সেবা পদক’ (বিএসপি) অর্জনকারী সেনাসদস্যদের সেনাবাহিনী প্রধান পদকে ভূষিত করেন।

আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ এ অনুষ্ঠান হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে ২০২০-২০২১ সালে শান্তিকালীন সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘অসামান্য সেবা পদক’ প্রাপ্ত ৬ জন এবং ‘বিশিষ্ট সেবা পদক’ অর্জনকারী ২০ জনসহ মোট ২৬ জন সেনাসদস্যকে সেনাবাহিনী প্রধান পদকে ভূষিত করেন। অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্তদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়ের মধ্যে উপহারসামগ্রী তুলে দিচ্ছেন সেনাপ্রধান
ছবি: আইএসপিআর

সেনাবাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়ের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন। পরে তিনি শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সঙ্গে আলাপ করেন।

অনুষ্ঠানে সেনাসদরসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবছরই সেনাবাহিনী সদর দপ্তর জাতির গর্ব বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।