খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা ভিআইপির মর্যাদা ও বিশেষ ভাতা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা (ভিআইপি) ও বিশেষ সম্মানী দেওয়া হবে। তবে তাঁরা কী ধরনের রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবেন, তা এখনো স্থির হয়নি। এ ছাড়া বর্তমানে ছয়টি শ্রেণীতে ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চার শ্রেণীতে ভাগ করে বর্ধিত ভাতা দেওয়া হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।এ বিষয়ে জানতে চাইলে গতকাল রোববার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য যাঁরা বিশেষ খেতাবপ্রাপ্ত হয়েছেন, রাষ্ট্র তাঁদের সম্মান প্রদর্শন করবে—এটাই স্বাভাবিক। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান জানান, বৈষম্য নিরসনের জন্য বর্তমানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ছয় শ্রেণীতে ভাগ করে কমবেশি ভাতা দেওয়া হচ্ছে। এখন চার শ্রেণীতে ভাগ করে ভাতা পুনর্বিন্যাস করা হবে।বর্তমানে চার হাজার ৯৪৮ জন খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন। আরও সাত হাজার আবেদন মন্ত্রণালয়ে এসেছে। তাঁদের মধ্যে অন্যের সাহায্য ছাড়া চলতে অক্ষম ২১ জন পঙ্গু মুক্তিযোদ্ধার ভাতা ১৯ হাজার ৮০০ থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা করা হবে। ‘বি’ শ্রেণীর ২১ জন পঙ্গু যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা ১৪ হাজার ২৩১ থেকে বাড়িয়ে ১৯ হাজার টাকা করা হবে।বর্তমানের ‘সি’, ‘ডি’ ও ‘ই’—এই তিন শ্রেণী এক করে ‘সি’ শ্রেণী করা হবে। সাধারণ যুদ্ধাহত কোটায় তাঁরা পাবেন ১৪ হাজার টাকা। ‘এফ’ শ্রেণীর দুই হাজার ৮২০ জনের প্রত্যেকের ভাতা তিন হাজার থেকে বাড়িয়ে করা হবে পাঁচ হাজার টাকা।খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভিআইপির মর্যাদা দিয়ে রাষ্ট্রাচার-সম্পর্কিত কিছু সুযোগ-সুবিধা দেওয়া হতে পারে। তবে কী কী সুবিধা দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বিশেষ সম্মানী ভাতা হিসাবে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের ইতিপূর্বে সরকারিভাবে বরাদ্দকৃত বাড়ি ও জমি প্রদানের সময়ের মূল্যে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সচিব।সচিব আরও জানান, মন্ত্রণালয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রায় সাত হাজার আবেদন রয়েছে, যা যাচাই করে দেখা হচ্ছে। এখান থেকে অনেককে সুবিধার আওতায় আনা হবে।