খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা সম্মানী ভাতা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের প্রতি বিশেষ সম্মান জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।মন্ত্রণালয় সূত্র জানায়, খেতাবপ্রাপ্তদের মধ্যে বীরশ্রেষ্ঠকে সম্মানী ভাতা দেওয়া হবে ১২ হাজার টাকা, বীর উত্তমকে দেওয়া হবে ১০ হাজার, বীর বিক্রম আট হাজার এবং বীর প্রতীককে দেওয়া হবে ছয় হাজার টাকা। যেসব খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মারা গেছেন, তাঁদের পরিবার এ ভাতা পাবে। আগামী আগস্ট মাস থেকে খেতাবপ্রাপ্তরা এ ভাতা পাবেন বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা।জানতে চাইলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যে নীতিমালা অনুসারে ভাতা দেওয়া হচ্ছে, খেতাবপ্রাপ্তদের জন্য অনুরূপ একটি নীতিমালা তৈরি করা হবে। এ বিষয়ে একটি নীতিমালার সারসংক্ষেপ শিগগিরই মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।আগামী অর্থবছরের (২০১২-১৩) বাজেটে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কার্যক্রমের আওতায় এক লাখ ৫০ হাজার সুবিধাভোগীর জন্য ৩৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে বীরশ্রেষ্ঠ রয়েছেন সাতজন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন। এর মধ্যে সেনাবাহিনীর ২৯১ জন, নৌবাহিনীর ২১ জন, বিমানবাহিনীর ২৩ জন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১১ জন, পুলিশ বাহিনীর পাঁচজন এবং গণবাহিনীর ২১৮ জন।জানা গেছে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়ার বিষয়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কমিটিতে অর্থ বিভাগের একজন প্রতিনিধি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, সশস্ত্র বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদের একজন প্রতিনিধি এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন। এ কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠাবে।