খেতাবপ্রাপ্ত ১৪১ মুক্তিযোদ্ধাকে সম্মাননা
বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত বলেছেন, দেশে খেতাবপ্রাপ্ত ৫৮ শতাংশ মুক্তিযোদ্ধা আর্থিকভাবে অসচ্ছল। তাঁদের মধ্যে ২৩ জনের থাকার জায়গা নেই, ১৪৭ জনের তিন বেলা খাওয়া হয় না এবং ১৭৯ জন নিম্নমধ্যবিত্ত। এ অবস্থায় মুক্তিযুদ্ধ কতটুকু সার্থক হয়েছে, এ প্রশ্ন উঠতেই পারে। গতকাল শনিবার কুমিল্লায় আয়োজিত জনতা ব্যাংক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে আবুল বারকাত এসব কথা বলেন। এতে এ এলাকার ছয় জেলার একজন বীরশ্রেষ্ঠ, ১২ জন বীর উত্তম, ৪১ জন বীর বিক্রম ও ৮৭ জন বীর প্রতীকসহ ১৪১ জনকে সম্মাননা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নগরের টাউন হল মিলনায়তনে ওই অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সেলিনা হোসেন বলেন, ‘পঁচাত্তরের পর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পরিবেশ না থাকায় নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারেনি। তাই দেশে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে।’ অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারকগ্রন্থ তুলে দেওয়া হয়। বাহাউদ্দিন রেজা বীর প্রতীক ও মিজানুর রহমান বীর প্রতীক অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ওই সম্মাননা তাঁদের স্বীকৃতিকে আরও উজ্জ্বল করেছে। আয়োজকেরা জানান, জীবিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন ৩৬ জন। অন্যান্যের মধ্যে ৪০ জন একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। ৬৫ জন গত ৪২ বছরে ইন্তেকাল করেছেন। তাঁদের পক্ষ থেকে পরিবারের সদস্যরা সম্মাননা নেন।