খেতে নামলেই রক্তাক্ত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে দক্ষিণ সুরমার লালমাটিয়ার এই জায়গা বর্জ্যের ভাগাড় হিসেবে ব্যবহার করছে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এই ভাগাড়ের বর্জ্য গিয়েই মিশছে পাশে কৃষকের ফসলি জমিতে l ছবি: প্রথম আলো
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে দক্ষিণ সুরমার লালমাটিয়ার এই জায়গা বর্জ্যের ভাগাড় হিসেবে ব্যবহার করছে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এই ভাগাড়ের বর্জ্য গিয়েই মিশছে পাশে কৃষকের ফসলি জমিতে l ছবি: প্রথম আলো

কৃষিখেত থেকে উঠে বাড়ি ফিরছিলেন কৃষক রানা মিয়া। পথে হঠাৎ উচ্চ স্বরে ‘উহ-হু’ বলে থেমে গেলেন। বাঁ পা উঁচিয়ে দেখাচ্ছিলেন ক্ষত। ডান পায়ে ভর রেখে রানা বললেন, ‘সিটির (সিটি করপোরেশনের) বাদায় (বর্জ্য) এই নিয়া ই-পাওয়ের এক আঙুল কাটল তিনবার!’
সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরের বাসিন্দা রানা (৪৫)। তাঁর মতো আরও অনেককে ফসলের খেতে নেমে ক্ষতবিক্ষত হতে হয়েছে। কারণ, জমির ওপাশেই রয়েছে সিলেট সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়। যেখানকার বর্জ্য নেমে এসে মিশেছে ফসলি জমিতে।
স্থানীয় কৃষকদের কাছে এই আবর্জনা ‘সিটির বাদা’ বলে পরিচিত। তাঁরা বলেন, ভাগাড়টির তিন দিকে সীমানাপ্রাচীর নির্মাণ করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। উন্মুক্ত রয়েছে শুধু ফসলি জমির দিকের অংশ। আর সেখান থেকেই গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানির সঙ্গে ভাগাড়ের বর্জ্য এসে মিশেছে ফসলি জমিতে।
দক্ষিণ আলমপুরের বোরো ফসলি জমিতে ফসল ফলাতে গিয়ে প্রতিদিনই কেউ না-কেউ ক্ষতবিক্ষত হচ্ছেন। কৃষকেরা হাতে-পায়ে ক্ষত নিয়ে ফসল ফলালেও সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ বিষয়ে অবহিত তো নয়ই, বরং তাদের দাবি—ভাগাড় থেকে এত দূর পর্যন্ত বর্জ্য যাওয়ার কথা নয়।
দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে এই ভাগাড়টি অবস্থিত। ১৯৮৪ সাল থেকে এই জায়গা অধিগ্রহণ করে ভাগাড় হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু ভাগাড়টি ছিল উন্মুক্ত। ফলে বর্ষায় ভাগাড়ের বর্জ্য পানিতে ভেসে গিয়ে লোকালয়ে পড়ত। এ অবস্থা ঠেকাতে গত বর্ষা মৌসুমের আগে ভাগাড়ের সড়কলাগোয়া অংশে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। প্রাচীরের কারণে তিন দিক থেকে বেষ্টিত হয়ে পড়ে ভাগাড়টি। কিন্তু কৃষিজমির দিকের অনেকটা অংশ থেকে যায় উন্মুক্ত। সেই জায়গা দিয়ে এবারও বর্ষায় পানির সঙ্গে বর্জ্য এসে পড়েছে কৃষিজমিতে।
দক্ষিণ আলমপুরের বাসিন্দা শামীম কবীর বলেন, বোরো মৌসুম সামনে রেখে গত ২৫ অক্টোবর আলমপুর, গঙ্গানগর, হবিনন্দি, পালপুর ও গোটাটিকর এলাকার ২৮ জন কৃষক কৃষিজমিতে বর্জ্য ভেসে আসার বিষয়টি লিখিতভাবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলেন। কিন্তু চলতি বোরো মৌসুম অতিবাহিত হতে চললেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।
সম্প্রতি সরেজমিনে কথা হয় শামীম কবীরের সঙ্গে। তিনি বলেন, গত দুই মাসে দুই শতাধিক কৃষক জখম হয়েছেন। এদিন ১৬ জন কৃষক তাঁদের হাত ও পায়ের ক্ষত দেখিয়েছেন এই প্রতিবেদককে।
সরেজমিনে দেখা গেছে, ভাগাড়টির উত্তর দিকে ভাড়েরা বিলের পাশেই বোরো ফসলি জমি। দক্ষিণ আলমপুর, কুচাই ও শ্রীরামপুরের সব বোরো জমির অবস্থান সেখানে। লোহাজুড়ি, মেন্দি ও কুচাই বিল থেকে সেচ পানির মাধ্যমে বোরো ফসল ফলে। ভাগাড়ের তিন দিকে দেয়াল নির্মাণ করে ভাড়েরা বিলের অংশ উন্মুক্ত রাখায় বর্ষার পানির সঙ্গে ভেসে বর্জ্য গিয়ে পড়েছে বিল ও ফসলি জমিতে।
কৃষক রেকি আহমদ বলেন, জমিতে কাজ করতে গিয়ে তাঁদের অনেকে জখম হয়েছেন। তাঁর ভাই আজমল আলী হাত ও পায়ে একাধিক ক্ষত নিয়ে এখন অনেকটা শয্যাশায়ী। চাষাবাদের আগে খেত থেকে বোতল, বৈদ্যুতিক বাল্ব, সিরিঞ্জ, পলিথিন সরাতেই দুই দিন কেটে গেছে বলে জানান তিনি।
কৃষিজমিতে বর্জ্যের কারণে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকিতে পড়েছে বলে মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সালাউদ্দিন। তিনি বলেন, কৃষি বিভাগের মাঠ পরিদর্শনে বিষয়টি উঠে এসেছে। এর প্রতিকারে সিটি করপোরেশনকেই উদ্যোগ নিতে হবে।
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘আমার জানামতে, বর্জ্য ভাগাড়ের আশপাশে যেসব জমি সেগুলো সবই খাসজমি। ব্যক্তিমালিকানাধীন কোনো কৃষিজমিতে বর্জ্য পড়ার কথা নয়। সীমানাপ্রাচীর না থাকার কারণে এমনটি হলে সরেজমিনে দেখে অবশ্যই প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হবে।’