খেতে পোকার আক্রমণ
যশোরের অভয়নগর উপজেলার আমন খেতে মাজরা পোকার ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে সংশয় দেখা দিয়েছে।কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা আট হাজার ৩০০ হেক্টর নির্ধারণ করা হলেও চাষ হয়েছে আট হাজার ৪০০ হেক্টর জমিতে। এর মধ্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান আট হাজার হেক্টর এবং স্থানীয় জাতের ধান ৪০০ হেক্টর। এবার উপজেলায় আমন ধান আবাদে কোনো হাইব্রিড জাতের ধানের চাষ হয়নি। এর মধ্যে ১৫৭ হেক্টর আমন খেতে মাজরা পোকার প্রাদুর্ভাব দেখা দেয়। উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার দাস বলেন, ‘এক প্রকার সাদা পোকা ধানগাছের পাতার উল্টা পিঠে অসংখ্য ডিম পাড়ে। এই ডিম ফুটে বের হওয়া কিড়া (লার্ভা) ধানের মাজপাতা (সদ্য বের হওয়া কচি পাতা) খেয়ে ফেলে। পাতা থেকে হাতে ডিম সংগ্রহ, আলোর ফাঁদ তৈরি এবং পাখি বসার জন্য গাছের ডাল ও কঞ্চি খেতে পুঁতে সহজে মাজরা পোকা দমন করা যায়। আমরা কৃষকদের এসব পরামর্শ দিয়ে মাজরা পোকার আক্রমণ দমন করেছি।’উপজেলার মধ্যপুর গ্রামের কৃষক ইমরুল ইসলাম বলেন, ‘১০-১২ বছরে মাজরা পোকার এমন আক্রমণ আমি আর দেখিনি। কীটনাশক দিয়েও মাজরা পোকা দমন করা যাচ্ছে না। কৃষি অফিস থেকে কেউ কোনো পরামর্শ দিতেও আসছে না।’ চলিশিয়া গ্রামের কৃষক ওলিয়ার রহমান বলেন, ‘দুই বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। কিন্তু মাজরা পোকা তা খেয়ে প্রায় শেষ করে দেছে। সামান্য কিছু ধান হতে পারে।’অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘ধান চাষ থাকলে মাজরা পোকা থাকবে—এটাই স্বাভাবিক। তবে তা নিয়ন্ত্রণে রাখতে হবে। এখানে মাজরা পোকার বেশ কিছুটা প্রাদুর্ভাব ছিল। আমরা মাঠে গিয়ে কৃষকদের কার্যকর নানা রকম পরামর্শ দিয়েছি। কৃষকেরা সেভাবে কাজ করে উপকার পেয়েছেন। এতে করে মাজরা পোকা দমন করা গেছে এবং বর্তমানে তা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’