ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এবার মুলা ও বেগুনের ব্যাপক আবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো। তবে ক্রেতা ও আশানুরূপ দাম না পাওয়ায় চাষিদের এখন মাথায় হাত। তাঁরা হতাশ হয়ে খেতে মুলা-বেগুন রেখেই নতুন ফসল আবাদের জন্য চাষ দিচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এবার উপজেলার এক হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। এর মধ্যে ৩০০ হেক্টরে বেগুন এবং ১৫০ হেক্টরে মুলা আবাদ করা হয়। এবার প্রায় পাঁচ হাজার চাষি বেগুন এবং দুই হাজার চাষি মুলা আবাদ করেন।
উপজেলার অন্তত ১০-১২ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় বাজারে বেগুনের তেমন চাহিদা নেই। ক্রেতা-পাইকারেরাও আসেন না। নামমাত্র দামে ক্রেতা মিললেও তাঁদের সংখ্যা খুবই কম। বিস্তীর্ণ এলাকায় খেতেই পড়ে রয়েছে মুলা-বেগুন। গরু-ছাগলও খাচ্ছে না মুলা। ক্রেতা না থাকায় বেশির ভাগ চাষিই এবার খেতে মুলা রেখে চাষ দিয়ে গম-ভুট্টার জন্য জমি তৈরি করছেন।
বেগুনচাষি গোলাম মোস্তফা এবার দুই লাখ টাকা খরচ করে ভামদা গ্রামে ছয় বিঘা জমিতে বেগুন আর দুই বিঘায় মুলা চাষ করেন। গোলাম মোস্তাফা বলেন, ‘গত বছর দু চারজন ক্রেতা এসে ট্রাকযোগে বেগুন নিয়ে যান। এবার দাম-ক্রেতা কোনোটিই নেই। এবার গোটা টাকাই লোকসান হবে। খেত আটকিয়ে না রেখে মুলাখেতে গত সপ্তাহেই চাষ দিয়ে দিয়েছি।’ একই ধরনের কথা বলেন ভেলাতৈড় গ্রামের সামিরুল ইসলাম ও গুয়াগাঁও গ্রামের জবাইদুর রহমানসহ সেনুয়া, দলপতিপুর, ভামদা এবং আকাশিল গ্রামের আরও ১২-১৩ জন চাষি।
ভেলাতৈড় গ্রামের চাষি জবাইদুর রহমান বলেন, ‘শনিবার স্থানীয় পাইকারের কাছে ১৩০ টাকা মণ দরে ৩০ মণ বেগুন বিক্রি করেছি। খেত থেকে তোলা, বহন করা, কীটনাশক মিলে ওই ৩০ মণ বেগুনের পেছনে খরচ হয়েছে তিন হাজার ২০০ টাকা। দাম পেয়েছি তিন হাজার ৯০০ টাকা। আমি ও আমার স্ত্রী দিন-রাত খেতে পড়ে আছি। এর কোনো মজুরি নেই।’
বেগুনচাষি সূত্র জানান, বেগুন চাষ করতে সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও অন্যান্য খাতে বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়েছে।জুলাই মাসে বেগুনের চারা রোপণ করার সময় থেকে ফলন তোলা পর্যন্ত জমি ব্যবহার করে যে পরিমাণ আয় হওয়ার কথা, এবার তার ২৫ শতাংশও ওঠার লক্ষণ নেই।
গত মৌসুমে দাম কম থাকলেও দূরের ক্রেতারা ট্রাক নিয়ে আসেন। তাতেও অনেকের লোকসান হয়েছে। গত বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশায় এবার চাষি পর্যায়ে বেগুনের ব্যাপক আবাদ ও ফলন হয়েছে। কিন্তু স্থানীয় হাটবাজারে ক্রেতা নেই। জেলার বাইরের ক্রেতারাও আসছেন না। এবার তাঁদের মরণদশা হয়েছে।
মুলাচাষিদের অবস্থা আরও করুণ। উপজেলার সেনুয়া, ভেলাতৈড়, গুয়াগাঁও, গোগর, পটুয়াপাড়া, ভামদা, আকাশিলসহ বিভিন্ন গ্রামের কয়েক শ চাষি তাঁদের মুলা খেতে রেখেই চাষ দিয়েছেন। ক্রেতা পাওয়ার আশা ছেড়ে মুলাখেত ফেলে না রেখে গম-ভুট্টা চাষের জন্য তৈরি করছেন।
সরেজমিনে দেখা গেছে, সেনুয়া গ্রামের দুলাল, সাদেক আলী, ইসলামউদ্দীন ও তমিজউদ্দীন; ভামদা গ্রামের জয়দেব চন্দ্র, এহসানুল হক ও আবদুল খালেক; ভেলাতৈড় গ্রামের মাসুদ, বাবুলসহ ওই সব গ্রামের বেশির ভাগ চাষিই এবারমুলা খেতে রেখেচাষ দিচ্ছেন।