খেতে সোনালি ধানের দোলায়ও কৃষকের মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেক বছর পর এমন ভালো ফলন হয়েছে। জমিতে সোনালি ধান দেখে আনন্দ লাগে। এত আনন্দের মাঝেও দুশ্চিন্তার শেষ নেই। ধান পেকেছে, শ্রমিকসংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছি না। পরিবারের সদস্যরা মিলে যা কাটছি, তাও বাজারে দাম কম থাকায় বিক্রি করতে পারছি না।’ আক্ষেপ করে কথাগুলো বলছিলেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার আকাল বরিশ গ্রামের কৃষক আবদুল গফুর মিয়া। শুধু গফুর মিয়াই নন, বোরো ধান নিয়ে এমন অবস্থায় পড়েছেন শরীয়তপুরের হাজার হাজার কৃষক।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৭৬ হাজার মেট্রিক টন। ফলন ভালো হওয়ায় এ বছর ধান পাওয়া যাবে প্রায় তিন লাখ মেট্রিক টন। জেলার বিভিন্ন হাটবাজারে প্রতি মণ বোরো ধান বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। গত মাসের শেষ সপ্তাহ থেকে জেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে। ইতিমধ্যে সব এলাকার জমির ধান পেকে গেলেও শ্রমিকসংকটের কারণে অধিকাংশ কৃষক ধান কাটাতে পারছেন না। একজন শ্রমিক প্রতিদিন যে পরিমাণ ধান কাটেন, এর ২০ শতাংশ মজুরি বাবদ তাঁকে দিতে হয়। ধান কাটা থেকে মাড়াই পর্যন্ত গড়ে একজন শ্রমিককে প্রতিদিন ৬০ কেজি ধান দিতে হয়। সেই হিসাবে একজন শ্রমিকের এক দিনের মজুরি এক হাজার ৫০ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বোরো আবাদে শতাংশপ্রতি কৃষকের খরচ হয়েছে ৪০০ টাকা। শতাংশপ্রতি ধান হয়েছে ৩০ কেজি; বর্তমান বাজারে যার দাম ৫২৫ টাকা।গোসাইরহাট উপজেলার সামন্তসার গ্রামের কৃষক হাকিম সরদার, দেলোয়ার খাঁ ও ইয়াকুব বেপারী জানান, গত ১০ বছরের মধ্যে এ বছরই সর্বোচ্চ ফলন পাওয়া গেছে। কিন্তু কাটা ধানের ২০ শতাংশ দিয়েও শ্রমিক পাচ্ছেন না। এক সপ্তাহ যাবৎ জমিতে ধান পেকে আছে। পাকা ধান কাটতে না পারায় ছড়া থেকে ধান ঝরে পড়ে যাচ্ছে। সদর উপজেলার কোয়ারপুর গ্রামের কৃষক দবির মোল্যা বলেন, ‘শ্রমিক না পাওয়ায় ধান কাটাতে পারছি না।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপপরিচালক এ টি এম শহীদুল ইসলাম জানান, চলতি মৌসুমে বোরো ধানের ফলন ভালো হওয়ায় কৃষক খুশি। কিন্তু ধান কাটার শ্রমিকসংকট ও বাজারে ধানের দাম কম থাকায় কৃষকের হাসি দীর্ঘস্থায়ী হয়নি। সময়মতো ধান কাটতে না পারলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।