খেতের ধান খেতেই মাড়াই
জনসংখ্যা বাড়তে থাকায় বসতবাড়ির উঠানে নির্মাণ করা হচ্ছে একের পর এক নতুন ঘর। এ কারণে ধান মাড়াইয়ের জন্য একচিলতে উঠানও পাচ্ছেন না কৃষক।এ অবস্থায় রংপুরের বদরগঞ্জ উপজেলার কৃষকেরা খেতের ধান খেতেই মাড়াই করার পদ্ধতি বের করেছেন। তাঁরা বিশেষ একধরনের সূক্ষ্ম জাল খেতে বিছিয়ে ধান মাড়াই করছেন। এতে সময়ের পাশাপাশি পরিবহন খরচ যেমন বেঁচে যাচ্ছে; তেমনি বৃষ্টির দিনেও ধান মাড়াইয়ে কোনো সমস্যা হচ্ছে না।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজার থেকে জাল কিনে সেলাই করে সুবিধা অনুযায়ী বিভিন্ন আকারের জাল বানানো হয়। প্রকারভেদে এতে খরচ পড়ে এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা অবধি। ধান কাটার পর খেতেই নাড়ার (ধান কাটার পর পড়ে থাকা গাছের গোড়া) ওপর এই জাল বিছানো হয়। পরে কাঠের পিঁড়িতে ধান মাড়াই করা হয়। আগে বৃষ্টি হলে উঠানে ধান মাড়াই করা সম্ভব হতো না। এখন বৃষ্টির দিনেও কৃষকেরা নিশ্চিন্তে এ পদ্ধতিতে ধান মাড়াই করতে পারছেন। উপজেলার লোহানীপাড়া, রামনাথপুর ও বিষ্ণুপুর ইউনিয়নে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কৃষকদের এই পদ্ধতিতে ধান মাড়াই করতে দেখা গেছে।মালতোলা গ্রামের কৃষক আজাহার আলী বলেন, ‘বাড়ির উঠানোত তিন ব্যাটার জন্যে তিনটা ঘর তুলচি। এ্যালা ধান ডাঙার জায়গা নাই। ধান কাটার পর জমিতে জাল বিচিয়া ডাঙাওচি। এতে সুবিদে বেশি। খরচ বাঁচে, সমায়ও বাঁচে। কাদোত, পানিত জাল বিচিয়াও ধান ডাঙা যায়।’ লোহানীপাড়া গ্রামের কৃষক মোতারফ হোসেন বলেন, এ পদ্ধতিতে বিঘাপ্রতি পরিবহন খরচ ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা বাঁচে।উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক বলেন, জনসংখ্যা বাড়ার কারণে বাড়িতে উঠানসংকট দেখা দিয়েছে। উপজেলায় জাল বিছিয়ে ধান মাড়াই পদ্ধতি এ সমস্যার সমাধান করেছে। এ পদ্ধতি কৃষকদের মধ্যে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। একই পদ্ধতিতে সরিষা, গম, ভুট্টাসহ অন্যান্য ফসল মাড়াই করা সম্ভব।