খেতের পাশেই সবজি বিক্রি, কৃষকের সাশ্রয়
হাটবাজারে তোলার ঝামেলা নেই। বগুড়ার শেরপুর উপজেলার কৃষকেরা খেতে বসেই চাষ করা সবজি বিক্রি করছেন। এতে পরিবহন খরচ বেঁচে যাওয়ার পাশাপাশি হাটবাজারের ঝামেলা থেকে রেহাই পাচ্ছেন তাঁরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় এক হাজার ৩০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে শতকরা ৮০ ভাগ সবজি চাষ হয়েছে উপজেলার গাড়িদহ ও খামারকান্দি ইউনিয়নে। গত ১০ ডিসেম্বর ওই দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষক ও শ্রমিকেরা খেত থেকে তুলে আনছেন শিম, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মুলা, গাঁজরসহ বিভিন্ন ধরনের সবজি। আর খেতের পাশে বসেই বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি বিক্রেতারা নগদ টাকায় এসব সবজি কিনে নিচ্ছেন। সবজি কেনায় ব্যস্ত ঢাকার কারওয়ান বাজার থেকে আসা ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে তিনি ঢাকার সবজির দর জেনে নেন। এরপর ওই দামের চেয়ে কেজিপ্রতি পাঁচ টাকা কমে খেতের পাশ থেকেই সবজি কিনে নেন। এতে ঢাকায় পরিবহনের খরচ ও লাভের টাকা উঠে যায়।আরেক সবজি ব্যবসায়ী আবদুল খালেক মণ্ডল বলেন, খেতের পাশ থেকে টাটকা সবজি কেনা যায়। প্রতিদিনই খেতের পাশ থেকে তাঁর মতো আরও ১০ জন ব্যবসায়ী সবজি কিনে থাকেন। সবজিচাষিরা জানান, দুই বছর ধরে তাঁরা এভাবেই সবজি বিক্রি করছেন। ফলে এসব সবজি হাটবাজারে নিয়ে তাঁদের বিক্রি করতে হচ্ছে না। এতে করে পরিবহন খরচ বেঁচে যাচ্ছে। পাশাপাশি হাটবাজারের ইজারাদারদেরও খাজনা দেওয়া লাগছে না। উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের সবজিচাষি আবুল হোসেন বলেন, এর আগে প্রতি মণ সবজি হাটবাজারে নিতে তাঁদের পাঁচ টাকা করে খরচ হতো। ইজারাদারদের দিতে হতো মণপ্রতি ১০ থেকে ১৫ টাকা। একই ইউনিয়নের পারভবানীপুর গ্রামের কৃষক আজাদুল রহমান বলেন, পরিবহন খরচ ও ইজারাদারদের খাজনা বেঁচে যাওয়ায় স্থানীয় প্রতিটি কৃষক শীত মৌসুমে সবজি বিক্রি করে কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার টাকা বাড়তি আয় করছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, চলতি মৌসুমে উপজেলায় সবজি উৎপাদন গত বছরের তুলনায় বেশি। খেত থেকেই সবজি বিক্রি করায় কৃষকেরা উপকৃত হচ্ছেন। বিক্রির এই ধারা অব্যাহত থাকলে কৃষকেরা সবজি চাষে আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন।