খেতের পোকা দমনে পাচিং পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমন খেতের পোকামাকড় দমনে ক্রমেই রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা গ্রামের কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে লাইভ পাচিং ও ডেড পাচিং পদ্ধতি। এতে পোকামাকড় দমনে তাঁদের জমিতে আর কীটনাশক দিতে হচ্ছে না। এ কারণে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, রক্ষা পাচ্ছে পরিবেশও।
বাছুরবান্ধা ছাড়াও পাশের হাজিপুর, বালাবাড়ি, ইকরচালী, দোলাপাড়া, সরকারপাড়া, পোদ্দারপাড়া, মেনানগর, পাচানি, জগদীশপুর ও আলমপুরের কৃষকদের কাছে এ পদ্ধতি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
এ পদ্ধতিতে আমন খেতে ধইঞ্চা গাছ বা শুধু ডাল পুঁতে রাখা হয়। এসব গাছ ও ডালে পাখি বসে পোকামাকড় ধরে খায়। এ ছাড়া ধইঞ্চা গাছের পাতা জমিতে ঝরে পড়ে জৈব সার তৈরি হয়। এই সার প্রাকৃতিকভাবে জমির উর্বরতা শক্তি বাড়িয়ে দিচ্ছে।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বনাথ সরকার বলেন, ধইঞ্চা গাছ লাগানোর পদ্ধতিকে লাইভ পাচিং ও ডাল পুঁতে রাখার পদ্ধতিকে ডেড পাচিং বলা হয়। বাছুরবান্ধা গ্রামে এ পদ্ধতি দুটি কৃষি বিভাগের পরামর্শে তিন বছর ধরে কৃষকেরা প্রয়োগ করছেন।
বাছুরবান্ধা গ্রামের কৃষক মহব্বত আলী ও মকবুল হোসেন বলেন, যাঁরা জমিতে ধইঞ্চা গাছ লাগাননি, তাঁরা ডাল পুঁতেছেন। এ পদ্ধতি গ্রহণ করায় আমন চাষে আর্থিক সাশ্রয় হচ্ছে। ধইঞ্চা গাছ ও ডালে বসে পাখিরা সব পোকামাকড় খেয়ে ফেলে। এতে তেমন কীটনাশকের প্রয়োজন পড়ছে না।
দোলাপাড়া গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, ডাল পোঁতার চেয়ে গাছ লাগানো পদ্ধতি বেশ লাভজনক। কারণ এতে জমির উর্বরতা শক্তি বাড়ে। কৃষি বিভাগের পরামর্শে তিনি দুই বছর ধরে এ পদ্ধতিতে চাষ করছেন।
উপজেলা কৃষি কর্মকতা রেজাউল করিম বলেন, বাছুরবান্ধা গ্রাম ছাড়াও এবার পাঁচটি ইউনিয়নে আড়াই হাজার হেক্টর জমিতে লাইভ পাচিং ও দুই হাজার হেক্টরে ডেড পাচিং পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। লাইভ পাচিং-এর জন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের ধইঞ্চা বীজ বিনামূল্যে দেওয়া হয়েছে।