খেতের সবজি খান না কৃষক, বিক্রি করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার টোপাগাড়ী গ্রামের কৃষক মোজাহার আলী জমিতে ফলানো সবজি ভুলেও নিজে খান না, হাটে বেচেন। মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফুলকপি, বেগুন ও পটোল মুখে তোলে না তাঁর পরিবারের কেউই।‘বাড়ির খাওয়ার জন্য বসতভিটার কাছে খানিকটা সবজি চাষ করি বিষ ছাড়া, সেগুলোই খাই’—সহজ উত্তর মোজাহার আলীর। শুধু মোজাহার আলীই নন, উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে মোজাহার আলীর মতোই অনেক কৃষকের দেখা মিলেছে। যাঁরা মৌসুমের আগেই বেশি ফলন, পোকার আক্রমণ ও পচন থেকে রক্ষার জন্য ভয়াবহ মাত্রায় কীটনাশকের ব্যবহার করছেন। তাই ভয়ে নিজের হাতে চাষ করা সবজি খাচ্ছেন না তাঁরা। জানা গেছে, শীতকালীন শিম, বরবটি, করলা, পটোল, বেগুন, টমেটো, পালংশাক, কপিসহ বিভিন্ন সবজি উৎপাদনের জন্য খ্যাত এ উপজেলার সব জায়গায় কৃষকেরা এখন জমিতে ব্যস্ত সময় পার করছেন। শীতকালীন এসব সবজি মৌসুমের শুরুতেই বাজারে তুলতে পারলে দাম পাওয়া যায় অনেকটা ভালো। মৌসুমের মধ্যভাগ থেকে দাম একেবারে পড়ে যায়। এ চিন্তা থেকে কৃষকেরা আগেভাগে ফসল বাজারে তুলতে যারপরনাই চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে বাজারগুলোতে এসব সবজি উঠতে শুরু করেছে। উপজেলার বেশির ভাগ কৃষকই সবজি উৎপাদন করতে গিয়ে নিষিদ্ধ কীটনাশকের ব্যাপক ব্যবহার করছেন। এসব প্রয়োগের পর চার দিন থেকে চার মাস পর্যন্ত সবজিতে এর বিষক্রিয়া থাকে। অথচ কীটনাশক প্রয়োগের দুই-এক দিনের মধ্যেই এসব সবজি বাজারে নিয়ে আসা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গত নয় বছরে উপজেলায় শাকসবজির চাষ ব্যাপকভাবে বেড়েছে। চলতি বছর এক হাজার ৬০০ হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে। চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোগবালাই বেড়ে যাওয়ায় তাঁরা কীটনাশক ব্যবহারে বাধ্য হচ্ছেন। টেপাগাড়ী গ্রামের সবজিচাষি শাজাহান আলী (৪৮) বলেন, পোকার আক্রমণ এবার এত বেশি যে কপির জমিতে সকালে কীটনাশক দিলে বিকেলে আবার পোকা আক্রমণ করছে। তাই সকাল-বিকেলে কীটনাশক দিতে হচ্ছে। একই মাঠের বেগুনচাষি মোবারক হোসেন (৪৫) বলেন, কীটনাশক ছিটিয়েও এবার খেত রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। পোকার আক্রমণ তাঁদের নাজেহাল করে তুলেছে। গুজিয়া গ্রামের আলী আযম (৫০), মোয়াজ্জেম হোসেন (৩৫) সবজিতে কীটনাশক প্রয়োগের কথা স্বীকার করে বলেন, পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য সবজিতে কীটনাশক ব্যবহার করতে হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু সালেহ দ্বীন মোহামঞ্চদ বলেন, কীটনাশক-মিশ্রিত সবজি জন্ডিস, কিডনি সমস্যা, চর্মরোগ, পেটের পীড়াসহ রক্তবাহিত নানা রোগের সৃষ্টি করে। এসব বিষাক্ত উপাদানসমৃদ্ধ শাকসবজি নগদ পয়সায় কিনে নিরপরাধ সাধারণ মানুষ নিজের ও পরিবারের সদস্যদের জীবনে ডেকে আনছেন হুমকি।উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, যেকোনো ধরনের সবজিতে কীটনাশক প্রয়োগ আইনত নিষিদ্ধ। আইপিএম পদ্ধতিতে পোকা দমনের চেষ্টা করার জন্য কৃষকদের বারবার বলা হচ্ছে। কিন্তু কৃষকেরা কীটনাশকের দিকেই ঝুঁকে পড়েছেন।