খেতের সবজি খেতেই নষ্ট, কৃষকের মাথায় হাত
মাঠজুড়ে সবজির খেত। সেখানে পড়ে আছে ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, আলু, পালং-গাজরসহ হরেক রকমের শীতকালীন সবজি। কষ্টে ফলানো খেতের সবজি খেতেই নষ্ট হচ্ছে। সবজি তোলায় আগ্রহ নেই কৃষকের। হাটে সবজির ক্রেতা নেই। পাইকার নেই। গত শনিবার মহাস্থান হাট ও এর আশপাশের এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
অবরোধ শুরুর পর থেকেই বেড়েছে সবজিবাহী ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনা। এতে পরিবহনব্যবস্থা ভেঙে পড়েছে। হামলার ঝুঁকির সঙ্গে অস্বাভাবিকভাবে বেড়েছে ট্রাকভাড়া। কেনাবেচা বন্ধ করে হাত গুটিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। এ চিত্র দেশে রেকর্ড পরিমাণ সবজি উৎপাদনকারী অঞ্চল বগুড়াএবং অন্যতম দুটি সবজির মোকাম মহাস্থান হাট ও নয়মাইল হাটের।
বগুড়ার শেখেরকোলা গ্রামের কৃষক আফতাব আলী এবার দেড় বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেন। অবরোধের আগে সবজি তুলে বিক্রিও শুরু করেন। সেই সময় বাজারে এক কেজি ও আধা কেজি ওজনের প্রতিটি ফুলকপি গড়ে ১৫ টাকা করে বিক্রি করেছেন। কিন্তু অবরোধ শুরুর পর দুই থেকে আড়াই কেজি ওজনের ফুলকপি ও তিন থেকে চার কেজি ওজনের বাঁধাকপির দাম পেয়েছেন মাত্র এক টাকা করে।
কৃষক আফতাব উদ্দিন বলেন, ‘হাটত বেপারী নাই, কপি কিনবার লোক নাই। এক টেকা করে কপি বেচ্চি। কপি বেচা টেকায় ভটভটি ভাড়াও হয় না। বিঘা খানেক জমিত আরও কপি আছলো। রাগত-দুঃখত গরুক খাওয়াচ্চি।’
সবজির পাইকারি মোকাম মহাস্থান হাটের চার-পাঁচজন জানান, অন্য বছর জানুয়ারি মাসজুড়ে শীতকালীন সবজির জমজমাট আমদানি ছিল। আলুসহ প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ ট্রাক সবজি পাঠানো হতো ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। এবার ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ শুরু। তবে সবজি কেনাবেচা বন্ধ ৫ জানুয়ারি থেকেই। ওই দিন থেকেই বগুড়ায় সবজিবাহী ট্রাকে একের পর এক পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হন কয়েকজন চালক। এতে সবজি পরিবহনব্যবস্থা ভেঙে পড়ে।
কৃষক সূত্র জানায়, অবরোধের আগে মহাস্থান হাটে প্রতি কেজি ফুলকপি ১৫ থেকে ১৬ টাকা, বাঁধাকপি ১৫ টাকা, গুটি পাকড়ি আলু ১৬ থেকে ২০ টাকা, টমেটো ও গাজর ২০ টাকা, গ্রানুলা আলু ১০ থেকে ১২ টাকা এবং শিম ২৫ টাকায় বিক্রি হয়েছে। অবরোধে পরিবহনব্যবস্থা ভেঙে পড়ায় তিন কেজি পর্যন্ত ওজনের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি এক টাকায়, প্রতি কেজি টমেটো ১০ টাকা, গাজর ও শিম আট টাকা, গ্রানুলা আলু চার টাকা, গুটি আলু ১০ টাকায় নেমে এসেছে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, মহাস্থান হাটে আলু ছাড়া অন্য কোনো সবজি নেই। আলু বিক্রি করতে আসা কৃষক আলমগীর হোসেন বলেন, ‘এক বিঘা জমিতে গ্রানুলা জাতের আলু চাষে খরচ পড়েছে ১৫ থেকে ১৬ হাজার টাকা। চার টাকা কেজি আলু বিক্রি করে খরচের অর্ধেকও উঠবে না।’
মহাস্থান হাটের কাঁচামাল আড়ত সমিতির নির্বাহী কমিটির সদস্য জাহিদুল ইসলামবলেন, অবরোধের আগে এক ট্রাক সবজি চট্টগ্রামে পাঠাতে ২৫ হাজার এবং ঢাকায় পাঠাতে ১৫ হাজার টাকা ভাড়া লাগত। এখন তা বেড়ে যথাক্রমে ৪০ থেকে ৪৫ হাজার ও ২৫ হাজার টাকায় উঠেছে। তিনি আরও বলেন, শীত মৌসুমে এই বাজার থেকে প্রতিদিন ঢাকা ও চট্টগ্রাম মোকামে সবজি যেত ৫০০ থেকে ৭০০ টন। এখন বিচ্ছিন্নভাবে ৮০ থেকে ১০০ টন শুধু আলু পাঠানো সম্ভব হচ্ছে। এতে প্রতিদিন তাঁদের প্রায় ২০ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে।