খেলতে খেলতে শিশুর গলায় ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলতে খেলতে গলায় ফাঁস লেগে স্কুলছাত্রী জেসমিনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক এ ঘটনা ঘটে রাজধানীর কদমতলী থানার মেরাজনগর এলাকায়।

শিশুটির মা হাসি আক্তার বলেন, ‘আমরা বাসার সামনে বসে ছিলাম। এ সময় জেসমিন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে খেলা করছিল। কিছুক্ষণ পর কোনো সাড়াশব্দ না পেয়ে গিয়ে দেখি, ঘরের দরজার সঙ্গে পর্দা বাঁধার কাপড়ের ফিতা গলায় প্যাঁচানো অবস্থায় ফাঁস লেগে নিচে বসে আছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে আটটায় জেসমিনকে মৃত ঘোষণা করেন।’

শিশুটির নানা সাইজুদ্দিন ব্যাপারী বলেন, ‘জেসমিনের বাবার বাড়ি খাগড়াছড়ি সদরের গাজীপাড়ায়। সম্প্রতি জেসমিনের বাবা আবদুল জব্বার এক মামলায় কারাগারে আছেন। পরে তারা আমার বাসায় চলে আসে। আমার ভাড়া নেওয়া একটি কক্ষ খালি করে দিয়ে তাদের থাকতে দিই। ওই কক্ষে দরজার ওপরে পর্দার জন্য একটি ফিতা লাগানো ছিল। জেসমিন ওটা ধরে খেলতে খেলতে গলায় ফাঁস লেগে যায়।’

জেসমিন স্থানীয় একটি স্কুলে কেজিতে পড়ছিল। দুই বোনের মধ্যে জেসমিন বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।