খেলতে গিয়ে আবিরের বাড়ি ফেরা হয়নি
গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি শিশু ইয়াসির আরাফাত ওরফে আবির (৬)। গতকাল মঙ্গলবার সকালে হালিশহরের বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে ফৌজদারহাটের একটি খালে পাওয়া যায় শিশুটির লাশ। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, অপহরণের পর শিশুটিকে খুন করা হয়েছে। আবিরের বাবার নাম রিয়াজ আহমেদ। তিনি নগরের বন্দর থানার ফ্রিপোর্ট এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল আবির। নগরের হালিশহরের বি ব্লকে তাদের বাসা। আবিরের মামা মো. আবু জাফর বলেন, সোমবার বিকেলে মৌলভির কাছে আরবি পড়ে আরও চার শিশুর সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয় আবির। সন্ধ্যায় তিন শিশু বাড়ি ফিরলেও আবির আর ফেরেনি। এ ব্যাপারে অন্য তিন শিশুও কিছু বলতে পারেনি। বিষয়টি রাতে হালিশহর এলাকায় মাইকে প্রচার করা হয়। আবু জাফর আরও বলেন, ‘গতকাল সকালে হালিশহর বড়পোল এলাকায় বিষয়টি নিয়ে কথা বলার সময় এক জেলে বলেন, ফৌজদারহাট পাক্কার মাথা এলাকায় খালের কাছে একটি শিশুর লাশ পড়ে আছে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি, সেটি আবিরের লাশ। তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। গলার নিচে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।’ এ ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, জানতে চাইলে আবু জাফর বলেন, ‘আমরা জানি না। আমাদের দৃশ্যমান কোনো শত্রু নেই। কেন আমার সন্তান খুন হয়েছে, সেটাও জানি না।’হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আবিরের লাশ দাফন করা হয়েছে। তার বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন। এরপর পুলিশ তদন্তকাজ শুরু করবে।