খেলতে গিয়ে ককটেলে উড়ে গেল শিশুর কবজি

কচি দুই হাতই সাদা ব্যান্ডেজে মোড়ানো। একটি হাতে আঙুল আছে। আরেকটিতে নেই। কবজির ওপর থেকে কেটে ফেলা হয়েছে। সারা মুখ রক্তাক্ত। বুজে থাকা দুই চোখের একটির ওপর থেকে রক্ত ঝরছে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শুরুর প্রথম দিন গতকাল শনিবার সকালে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত অবুঝ এই শিশুর নাম নাহিদুল ইসলাম (৫)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডের বিছানায় জোর করে শুইয়ে রাখা হয়েছে তাকে। সে চিৎ কার করে কাঁদছে, আর বিছানা থেকে বারবার উঠে আসার চেষ্টা করছে। স্বজনেরা জানান, কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে শিশুটির এই অবস্থা।
জানা গেছে, শিশু নাহিদুল মায়ের সঙ্গে নগরের উপশহর নিউমার্কেট এলাকায় নানার বাড়িতে থাকে। বছর খানেক আগে থেকে বাবা রাজীব হোসেন পরিবারের খোঁজখবর নেন না। মা মর্জিনা খাতুন অন্যের বাড়িতে কাজ করে দুই সন্তান লালন-পালন করেন। নাহিদের নানা মজিবুর রহমান বলেন, নাহিদ বাসা থেকে সকালে নাশতা খেয়ে খেলতে বের হয়। সঙ্গে আরও কয়েকটি বাচ্চা ছিল। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বিকট একটা শব্দ হয়। দৌড়ে বাইরে গিয়ে দেখেন একজন তাঁর নাতিকে বুকে তুলে নিয়ে আসছেন। ওর দিকে তাকানোর উপায় নেই। লোকজনের কাছ থেকে শুনেছেন, নিউমার্কেট এলাকায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের বারান্দায় ওরা খেলছিল। সেখানে পড়ে থাকা একটা ককটেল তুলে খেলার সময় হাতেই সেটি বিস্ফোরিত হয়।
ঘটনার পর আওয়ামী লীগের ওই কার্যালয়ে গিয়ে দেখা যায়, বারান্দায় লেগে থাকা রক্তের দাগ ধুয়ে ফেলা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎ সক বি কে দাম বলেন, শিশুটির বাঁ কবজির ওপর থেকে উড়ে গেছে। ডান হাতের আঙুলও ক্ষতিগ্রস্ত। চোখ দুটি নিয়েও চিন্তা আছে। চোখ খুলতে পারছে না।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান বলেন, তিনি একটা শিশুর হাতে ক্ষতির কথা শুনেছেন। কিন্তু কোথায়, কীভাবে হয়েছে, তা পুলিশই ভালো বলতে পারবে।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘আওয়ামী লীগের ওই কার্যালয়ে আজ (শনিবার) ওরা (আওয়ামী লীগের নেতা-কর্মী) কেউ যায়নি। কেউ হয়তো শত্রুতামূলকভাবে বারান্দার ওই কোনায় ককটেলটি রেখে গেছে।’