খেলতে গিয়ে কিশোরের মৃত্যু
স্কুল থেকে ফিরে বাসার সামনের ছাদে দুই আত্মীয়কে নিয়ে ক্রিকেট খেলছিল বিপুল মণ্ডল। একসময় বলটি গিয়ে পড়ল পাশের দুর্গা মন্দিরের ছাদে। বিপুল কাঁঠালগাছ বেয়ে উঠতে গেল মন্দিরের ছাদে। কিন্তু ছাদে ওঠার আগেই ডাল ভেঙে নিচে টিউবওয়েলের ওপর পড়ে প্রাণ গেল এই ১৬ বছরের কিশোরের। গতকাল নারিন্দার শাহ সাহেব লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বিপুল ছিল তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। তার বাবা বাবুল মণ্ডল একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরের শ্যামসিদ্ধি গ্রামে। বাবুল মণ্ডল বলেন, সামনে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা বিপুলের। সে জন্য স্কুলে কোচিং করছিল। কোচিং শেষে বেলা দেড়টার দিকে বাসায় এসে মাংস দিয়ে রুটি খায় বিপুল।
বাবুল বলেন, ভবনের পাঁচতলায় থাকেন তাঁরা। বাসা সবচেয়ে ওপরের তলা হওয়ায় এর সামনে ছাদের কিছু ফাঁকা জায়গা আছে। বিপুল দুই আত্মীয়কে নিয়ে সেখানে ক্রিকেট খেলা শুরু করে। একসময় বলটি গিয়ে পাশের দুর্গা মন্দিরের ছাদে পড়ে। কাঁঠালগাছ দিয়ে উঠতে গিয়ে ডাল ভেঙে নিচে টিউবওয়েলের ওপর পড়ে তার মাথা ফেটে যায়। বুকেও আঘাত পায় সে। সঙ্গে সঙ্গে তাকে টিকাটুলি সালাহউদ্দীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বর্ণনা দিতে দিতেই গলা ভারী হয়ে আসে বাবুলের। শেষ পর্যায়ে আর কান্না আটকে রাখতে পারলেন না।