খেলতে গিয়ে মৃত্যু
দুটি অবুঝ শিশু। একজনের বয়স চার, আরেকজনের পাঁচ। শনিবার দুপুরে মিরপুর ভাসানটেকে বালু দিয়ে খেলছিল দুজনে। খেলার সময় একটি শিশু লাঠি দিয়ে আঘাত করে আরেক শিশুকে। সঙ্গে সঙ্গেই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় ফাহিমুল নামের শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। ভোর রাতে তার মৃত্যু হয়।
৩ নম্বর দামালকোট বস্তিতে এ ঘটনা ঘটে। এরপর বস্তির বাসিন্দা ফাহিমুলের বাবা নুরুল ইসলাম ও মা জহুরা খাতুন অন্য শিশু ইমনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলে। তাঁরা দুজনে দাবি করেন, লাঠির আঘাতেই ফাহিমুলের মৃত্যু হয়েছে।
অভিযোগ পেয়ে শেষ পর্যন্ত ইমনকে থানায় নিয়ে আসে ভাসানটেক পুলিশ। দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করে। ঘটনাটি আরও নিশ্চিত হতে ফাহিমুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে ময়নাতদন্তে হত্যার আলামত মেলেনি।