খেলতে গেলে ফাউল হয়: আনিসুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ সকাল সাড়ে নয়টার দিকে ভোট দেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। ছবি: সাজিদ হোসেন
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ সকাল সাড়ে নয়টার দিকে ভোট দেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। ছবি: সাজিদ হোসেন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদ প্রার্থী আনিসুল হক বলেছেন, খেলায় খেলতে গেলে ফাউল হয়। এটা মেজর না মাইনর সেটাই গুরুত্বপূর্ণ।
আজ নির্বাচনে ভোট গ্রহণ শেষে বনানীর একটি ভবনে সংবাদ সম্মেলন করেন আনিসুল। সেখানে নির্বাচনী অনিয়ম সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিভিন্ন কেন্দ্রে জাল ভোট ও মারামারি প্রসঙ্গে এই মেয়র প্রার্থী বলেন, যে দু একটা এ ধরনের ঘটনা ঘটেছে তা আওয়ামী লীগের দুই প্রার্থী ও বিএনপির দুই প্রার্থীর মধ্যে। এটা অনেকটা ভাইয়ে ভাইয়ে গন্ডগোলের মতো।
বিএনপির ভোট বর্জন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ১৬ জন প্রার্থীর মধ্যে মাত্র দু একজন ভোট বর্জন করেছেন যা সংখ্যার দিক থেকে খুব সামান্য। বেশির ভাগ প্রার্থী নির্বাচনে ছিলেন। বেশির ভাগ কেন্দ্রেই ভোটারেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।

বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ভোট বর্জনের প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচন বর্জন করেছে। এটি একটি স্থানীয় সরকার নির্বাচন। এখানে দল প্রার্থীকে সমর্থন দেয়। কিন্তু কোনো প্রার্থী দলীয় প্রার্থী নয়। সকাল ৯টার সময় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাবিথ আউয়াল বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু ১২টার সময় এমন কী হলো যে তিনি নির্বাচন বর্জন করলেন। নির্বাচনের ফলে যেই জয়ী হোক তাঁকে ফুলের মালা দিয়ে গ্রহণ করব। আমি সেই সংস্কৃতিতে বড় হয়েছি।

সংবাদ সম্মেলনে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের সমন্বয়কারী ফারুক খান এবং দীপু মণি উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন আবদূর নূর তুষার।