খেলনা পিস্তল দেখিয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শাহ পরান থানা এলাকার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে সানটেক এনার্জি কোম্পানির নয় লাখ টাকা ছিনতাই করা হয় খেলনা পিস্তল দেখিয়ে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে গতকাল বুধবার মহানগর পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে হাজির করে পুলিশ ওই তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া পাঁচজনের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহূত খেলনা পিস্তল, দুটি মোটরসাইকেল, মুঠোফোনের ১৭টি সিম ও কয়েকটি পটকা উদ্ধার করা হয়েছে। ছিনতাই করা টাকা দ্বিতীয় একটি পক্ষের কাছে রাখা হয়েছে বলে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন। পুলিশ গতকাল থেকে ওই টাকা উদ্ধারে তৎপরতা শুরু করেছে।
গত রোববার বিকেলে খাদিমনগর বিসিক শিল্পনগরে সানটেক এনার্জি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বেতনের নয় লাখ টাকা নিয়ে যাওয়ার সময় ছিনতাই হয়। ঘটনার পরপরই ছিনতাইকারীদের ধরতে শাহ পরান থানা-পুলিশের একাধিক দল তৎপরতা শুরু করে। দুই দিনের অভিযানে ছিনতাইকারী শনাক্ত করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হচ্ছেন নগরের রায়নগর দর্জিবন্দ এলাকার মো. সুহেল আহমদ (২০), একই এলাকার মোহাম্মদ সোহেল (২৫), ঝেরঝেরীপাড়ার রাহাত খান (২৬), শাহ পরান থানার দত্তগ্রামের সোলাইমান ইসলাম (৩২) ও গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ মিশ্রপাড়া গ্রামের আশরাফুল মুবিন (২৩)।
সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন জানান, ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি দেখলে বোঝা যায় না যে এটি খেলনার পিস্তল। অত্যাধুনিক অস্ত্রের মতোই চামড়ার ব্যাগে রাখা। ধরা পড়ার পর ছিনতাই ও খেলনা পিস্তল নিয়ে আক্রমণ করার বিষয়টি তাঁরা নিজ থেকেই বর্ণনা দেন।
এ ঘটনায় কোম্পানির ব্যবস্থাপক (প্রশাসন) মো. মহিউদ্দিন বাদী হয়ে শাহ পরান থানায় মামলা করেছেন। মামলায় ওই পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।