
ছোট রাইয়ান্তা একটি চিরকুটে লিখেছে, ‘এটি আমার প্রিয় খেলনা। আমি এটা দিয়ে অনেক খেলেছি। আমি চাই যে তুমি এই খেলনা দিয়ে খেলো।’ এটুকু লিখে রাইয়ান্তা লেখার পাশে একটি মুখ এঁকেছে। এটি হয় তার, না হয় নাম না জানা কোনো বন্ধুর মুখের ছবি ও এঁকেছে।
রাইয়ান্তার কাছ থেকে পাওয়া খেলনাটি সুবিধাবঞ্চিত এক শিশুর হাতে তুলে দিয়েছে ‘খেলনা ব্যাংক’। অন্যদিকে সুবিধাভোগী শিশুরা বুঝতে শিখছে, তাদের ব্যবহার করা খেলনাগুলো অন্য শিশুদের মুখে হাসি ফোটাতে পারে। আর সুবিধাবঞ্চিত শিশুরা যখন খেলনাগুলো হাতে পাচ্ছে, তখন তাদের খুশি দেখে কে! এই শিশুদের মধ্যে খেলনা আদান-প্রদানের কাজ করে দিচ্ছে খেলনা ব্যাংক কর্তৃপক্ষ।
খেলনা ব্যাংক হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ ডেভেলপমেন্ট নামের একটি বেসরকারি সংগঠনের কার্যক্রম। সংগঠনটি কাজ করছে প্রায় এক বছর ধরে। গত রোববার রাজধানীর তেজগাঁও এলাকায় খেলনা ব্যাংক কর্তৃপক্ষের কার্যক্রমের ভিডিও ও ছবি দেখে দুই দলের শিশুদের মুখে হাসির দেখা মিলল।
মিরপুরের চম্পা পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অটিস্টিক শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠান সোয়াকসহ ঢাকা এবং ঢাকার বাইরের ১২টি স্কুলের শিশুদের হাতে ৫ হাজার ১৮১টি খেলনা তুলে দিয়েছে খেলনা ব্যাংক। এগুলো তারা সংগ্রহ করেছে ঢাকার খ্যাতনামা নয়টি স্কুল থেকে। সুবিধাবঞ্চিত শিশুদের হাতে খেলনা তুলে দেওয়ার পাশাপাশি তাদের ১২টি স্কুলে ১৬ ধরনের নতুন খেলনা দিয়ে তৈরি করে দিয়েছে ‘খেলনা লাইব্রেরি’। এখান থেকে খেলনা নিয়ে খেলা শেষে আবার তা ফেরত দিতে হয়।
খেলনা ব্যাংকের কর্মসূচি কর্মকর্তা মেহেদি হাসান ও রিফাত কামাল প্রথম আলোকে বলেন, তাঁরা খ্যাতনামা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে স্কুলের শিশুদের সঙ্গে পাঁচ দিন ধরে নানা বিষয়ে আলোচনা এবং বিভিন্ন খেলার প্রতিযোগিতার আয়োজন করেন। এরপর স্কুলের এই শিশুরা বাড়ি থেকে তাদের খেলনা নিয়ে আসে। সেখান থেকে বাছাই করে নেওয়া হয়। খেলনাগুলো সংগ্রহ করা হয় এভাবেই। এরপর খেলনাগুলো ধুয়ে প্যাকেটজাত করে বিতরণের উপযোগী করা হয়।
শেখেরটেকের অভিযান স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ে সুবিধাবঞ্চিত শিশুরা। অভিযানের সাধারণ সম্পাদক বনানী বিশ্বাস প্রথম আলোকে বলেন, মাস দুই আগের খেলনা ব্যাংকের কর্মীরা তাঁদের স্কুলে আসেন। তাঁরা বাচ্চাদের নিয়ে গানবাজনা ও খেলাধুলার আয়োজন করেন। স্কুলের ৪৫ জন শিশু এতে অংশ নিয়েছিল। তাদের সবার হাতে খেলনা তুলে দিয়েছেন তাঁরা। খেলনাগুলো হাতে পেয়ে তাদের খুশি দেখে কে! খেলনা ব্যাংক কর্তৃপক্ষ অভিযান স্কুলের জন্য নতুন খেলনা দিয়ে একটি খেলনা লাইব্রেরিও করে দিয়েছে।
মোহাম্মদপুরে আট বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের বিনা মূল্যে অভিনয় শেখাচ্ছে পিদিম থিয়েটার। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এইচ এম আকতার প্রথম আলোকে বলেন, ‘আমাদের আর্থিক সামর্থ্য খুব বেশি নেই। শিশুদের অভিনয় শেখানোর পর আর কোনো দিকে নজর দিতে পারিনি। সপ্তাহ খানেক আগে খেলনা ব্যাংক কর্তৃপক্ষ যখন এই শিশুদের হাতে খেলনা তুলে দিল, তা দেখার মতো এক দৃশ্য! খেলনা লাইব্রেরিতে দেওয়া ফুটবল দিয়ে শিশুরা খেলে। দড়িলাফও খুব পছন্দ করে।’ এ প্রতিষ্ঠানের ৭০ শিশুর মধ্যে ছোট ৪০ জন শিশু খেলনা পায়।
ইনক্লুসিভ বাংলাদেশ ডেভেলপমেন্টের পরিচালক (অপারেশনস) রায়হান রশিদ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমরা
চাই সব শিশুর হাতে খেলনা পৌঁছে দিতে। আর খেলনাগুলো শিশুরা হাতে পাওয়ার পর তাদের মুখে যে হাসি দেখতে পাই, সেটাই আমাদের প্রাপ্তি।’