খেলা চলাকালে লোডশেডিং, ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে লোডশেডিংকে কেন্দ্র করে গতকাল শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন ক্ষুব্ধ শিক্ষার্থী উপাচার্যের বাসভবনেও ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে আর্জেন্টিনা-নাইজেরিয়া খেলা চলাকালে চারবার লোডশেডিং হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন আবাসিক হল থেকে দলে দলে বের হয়ে আসেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, ছাত্রবিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রারের কার্যালয় এবং টিএসসি, সাংবাদিক সমিতি, পূবালী ব্যাংক ভবন, কৃষি অনুষদ ভবন, প্রশাসন ভবনসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালান। এ সময় কয়েকজন ক্ষুব্ধ শিক্ষার্থী উপাচার্যের বাসভবনেও ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত পুলিশের একটি টহল গাড়িতেও আগুন দেওয়া হয়। এতে আনুমানিক বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক কর্মকর্তারা।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কাজী শাহানারা আহমেদ বলেন, ‘আমরা গতকাল (শনিবার) দিনের বেলায় বেশ কয়েকবার ময়মনসিংহের বিদ্যুৎ কার্যালয়কে খেলার সময় লোডশেডিং না করতে বলেছিলাম। তার পরও কেন এমন হলো তা আমাদের বোধগম্য নয়।’এ ব্যাপারে ময়মনসিংহ বিদ্যুৎ কার্যালয়ের প্রধান প্রকৌশলী আব্দুল ওহাব বলেন, ‘বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ডাউন থাকার কারণে এমনটি হয়েছে। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রাখার জন্য আমারা যথাসাধ্য চেষ্টা করছি।’ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় আমরা বিস্মিত। তবে এ ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা আমরা খতিয়ে দেখব।’এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুপেশ ভট্টাচার্য রানা বলেন, সাধারণ শিক্ষার্থীরা আবেগের বশে এ ঘটনা ঘটিয়েছেন।রাত ১১টায় এই প্রতিবেদন লেখার সময় এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক চলছিল।