খেলা দেখতে গিয়ে চাল ভেঙে অর্ধশত আহত

ফুটবল খেলা দেখতে গিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি টিনশেড ভবন ভেঙে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এদের অধিকাংশই স্কুলপড়ুয়া শিক্ষার্থী। গতকাল শুক্রবার বিদ্যালয়ের টিনের চালার ওপর বসে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা দেখতে গেলে ওই দুর্ঘটনা ঘটে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার সময় উপজেলার বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একটি টিনশেড সেমিপাকা ভবন ভেঙে কমপক্ষে ২৫ জন আহত হয়।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গতকাল বিকেলে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নাজিরপুর ইউনিয়ন একাদশ ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন একাদশের মধ্যে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা হয়। খেলা দেখতে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়। এদের মধ্যে দুই শতাধিক দর্শক বিদ্যালয়ের উত্তর-পূর্ব পাশের একটি টিনশেড ভবনের চালার ওপর অবস্থান নেয়। বেলা তিনটার দিকে বিকট শব্দে ওই ভবনটি ভেঙে পড়ে। এতে হামিম, শাকিল, রেজাউল, উজ্জ্বল, সাকিব, ইমরান, জুয়েল ও তার চার বছরের শিশুপুত্র ইসমাইলসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। তাদের মধ্যে অধিকাংশই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।