খেলা দেখতে না পেরে বিদ্যুৎ কার্যালয়ে হামলা, ভাঙচুর
নোয়াখালীর সোনাইমুড়ীতে গত শুক্রবার রাতে লোডশেডিংয়ের কারণে ব্রাজিল বনাম নেদারল্যান্ডের বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে না পেরে স্থানীয় জনতা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) একটি অভিযোগকেন্দ্রে ভাঙচুর চালিয়েছে। একই কারণে রংপুরের পীরগাছায় পবিসের একটি আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ীতে শুক্রবার রাত আটটায় খেলা চলাকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত নয়টায় বিদ্যুৎ এলেও ১০ মিনিটের মাথায় আবার চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে দর্শক চৌমুহনী-লাকসাম রেললাইনের পার্শ্ববর্তী পল্লী বিদ্যুতের অভিযোগকেন্দ্রে হামলা চালিয়ে ওই কেন্দ্রের দরজা-জানালা ও আবসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, অভিযোগকেন্দ্রে হামলার ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।ব্রাজিল বনাম নেদারল্যান্ডের খেলা দেখতে না পেরে বিক্ষুব্ধ জনতা শুক্রবার রাত সোয়া আটটায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা আঞ্চলিক কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা ওই কার্যালয়ের দরজা ও জানালা ভাঙচুর করে। একই সঙ্গে তারা বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের বাসায় ইট-পাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আখতারুজ্জামান বাদী হয়ে গতকাল শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।