খেলা দেখতে না পেরে সড়ক অবরোধ, ভাঙচুর
লোডশেডিংয়ের কারণে গত শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না পেরে দেশের বিভিন্ন স্থানে ক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ, বিদ্যুৎ কার্যালয় ঘেরাও, ভাঙচুর ও বিক্ষোভ মিছিল করেছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মিছিলকারীদের পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফেনী: ফেনী সদর উপজেলার ফাজিলপুর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয় লোকজন। এতে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় আটকে-পড়া যাত্রীরা দুর্ভোগ পোহায়। রাত সাড়ে আটটায় বিদ্যুৎ চলে যায়। এ সময় ফেনী সদর উপজেলার ফাজিলপুর বাজারের ক্রীড়ামোদী দর্শকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. সেলিম ভূঁইয়া জানান, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির দরকার ৪৪ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু শুক্রবার তাদের দেওয়া হয়েছে মাত্র ১১ মেগাওয়াট। জয়পুরহাট: রাত নয়টার দিকে খনজনপুর বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে এলাকাবাসী। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জয়পুরহাটে বিদ্যুতের চাহিদা যেখানে ছয় মেগাওয়াট, সেখানে পাওয়া যাচ্ছে দেড় থেকে দুই মেগাওয়াট। শুক্রবার জয়পুরহাট শহরে শান্তিনগর এলাকায় পল্লী ফিডসে বিদ্যুতের ‘ডাবল সংযোগ’ দিয়ে টাকা নেওয়ার অভিযোগে লাইনম্যান আবদুল হাইকে লোকজন ধরে পেটায়। খবর পেয়ে জয়পুরহাট র্যাব ও পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। জয়পুরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী মোজাহারুল ইসলাম জানান, শহরে যেসব অবৈধ সংযোগ রয়েছে, সেগুলো শিগগির বিচ্ছিন্ন করা হবে। মতলব উত্তর (চাঁদপুর): লোকজন মিছিল করে পল্লী বিদ্যুতের মতলব উত্তর আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে। খবর পেয়ে মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে লাঠিপেটা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে রনি (২২), রবিউল (১৮), বাবু (২০), সোহেল ঢালী (২০), মিশুক সরকারসহ (১৮) কয়েকজন আহত হন। তবে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুস্তম আলী শিকদার দাবি করেছেন, ‘মিছিলে পুলিশ লাঠিপেটা করেনি। আমরা বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করি এবং পরিবেশ নিয়ন্ত্রণে আনি।’ বাগমারা (রাজশাহী): উপজেলার পল্লী বিদ্যুতের একটি অভিযোগ কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় লোকজন। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।খেলা শুরুর পর বিদ্যুৎ এলেও তা আধা ঘণ্টার বেশি স্থায়ী হয়নি। বিদ্যুতের জন্য অপেক্ষা করেও না পেয়ে রাত সাড়ে ১০টার দিকে তাহেরপুর এলাকার দর্শকেরা মিছিল করে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর তাহেরপুর অভিযোগ কেন্দ্রে হামলা চালায়। তারা বিদ্যুতের মিটার ও লাইন ভাঙচুর করে। খবর পেয়ে তাহেরপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একরামুল হক জানান, এ ব্যাপারে তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গতকাল শনিবার থানায় একটি মামলা করেছেন। ফরিদপুর: বিদ্যুতের দাবিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ডের ঢাকা-বরিশাল মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।শিবগঞ্জ (বগুড়া): উপজেলা সদরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ক্ষুব্ধ জনতা স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে ইটপাটকেল ছোড়ে এবং মহাস্থানগড়-শিবগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।নোয়াখালী ও হাতিয়া: রাত সাড়ে আটটায় হাতিয়া উপজেলা সদরের ওছখালীতে বিদ্যুৎ উত্পাদন কেন্দ্রে হামলা চালায় লোকজন। এরপর কয়েক শ মানুষ নলচিরা-জাহাজমারা সড়ক অবরোধ করে রাখে। পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, হাতিয়া বিদ্যুৎ উত্পাদন কেন্দ্রের আটটি জেনারেটরের মধ্যে ছয়টিই বিকল থাকায় গ্রাহকদের চাহিদানুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।