খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পাঁচগাঁও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নয়াপাড়া এলাকায় ক্রিকেট খেলা নিয়ে আলেক মিয়া ও মেহেদী নামের দুই ব্যক্তির পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিনই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টির সমাধান করে দেন। কিন্তু গতকাল সকাল ১০টার দিকে ওই ঘটনাটি দিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়ায় কোনো পক্ষই থানায় মামলা করেনি।