খেলা নিয়ে বিরোধে আদনান খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার হত্যায় জড়িত পাঁচ যুবককে পুলিশ শনাক্ত করেছে। পুলিশ বলছে, ক্রিকেট ও ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই খুন হয়েছে। পাঁচ যুবকের মধ্যে দুজন উত্ত্যক্ত, মারধর ও ছুরিকাঘাতের দুই মামলার আসামি।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান ইসফারকে (১৫) গত মঙ্গলবার দুপুরে নগরের জামালখান মোড়ে প্রকাশ্যে ধাওয়া করে ছুরিকাঘাত করে খুন করেন একদল যুবক। কিশোর আদনানের বাসা ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ গজ দূরে।

জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডে অংশ নেওয়া পাঁচ যুবককে সিসি ক্যামেরা দেখে শনাক্ত করা হয়েছে। খেলা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ও আসামিরা প্যারেড মাঠে খেলাধুলা করতেন। খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তার করা গেলে পুরো রহস্য উদ্‌ঘাটিত হবে।

শনাক্ত পাঁচ যুবক

তদন্তে সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র জানায়, আদনানকে হত্যায় অংশ নেন মো. মইন, মো. সাব্বির, মো. সাঈদ, মো. আরমান ও আরেক যুবক। পঞ্চম যুবকটির পরিচয় বের করতে পারেনি পুলিশ। তবে এলাকাবাসী বলেছেন, ওই যুবকের নাম মো. জিল্লুর। তাঁদের
বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করেছে পুলিশ। তাঁদের বাড়ি নগরের চন্দনপুরা, জামালখান, গনি বেকারি এলাকায়। তাঁরা সবাই এলাকায় ছিঁচকে সন্ত্রাসী হিসেবে পরিচিত।

এই পাঁচজনের মধ্যে মইন নগরের একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। বাড়ি গনি বেকারির পাশেই। গতকাল বেলা দুইটার দিকে বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, সরকারদলীয় সমর্থক এক নেতারআশ্রয়–প্রশ্রয়ে এই যুবকেরা এলাকায় ছিনতাই ও নীরব চাঁদাবাজিতে জড়িত। তবে ভয়ে কেউ কোনো দিন মামলা করার সাহস পাননি।

পাঁচজনের মধ্যে সাব্বির ও সাঈদ দুজনই দুই মামলার আসামি। চকবাজার থানায় একটি মামলা হয় গত বছরের ১২ ডিসেম্বর। নগরের বাকলিয়া এলাকার হাছিনা আক্তার নামের এক গৃহিণী মামলাটি করেন।

মামলার এজাহারে হাছিনা বলেন, ১১ ডিসেম্বর নগরের গনি বেকারি এলাকার একটি রেস্তোরাঁয় তাঁর বোনের ছেলে ফয়সাল বন্ধুবান্ধবীদের নিয়ে জন্মদিনের পার্টি করেন। অনুষ্ঠান শেষে বের হলে সাঈদ, সাব্বিরসহ একদল যুবক ফয়সালের এক বান্ধবীকে উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করায় ফয়সাল ও তাঁর বন্ধু দিহানকে ছুরিকাঘাত করেন ওই যুবকেরা। কেড়ে নেওয়া হয় পকেটে থাকা মুঠোফোন ও ৪০ হাজার টাকা। মামলায় সাঈদ ও সাব্বির ছাড়াও তাঁদের পাঁচ সহযোগীকে আসামি করা হয়েছে।

হাছিনা আক্তার প্রথম আলোকে বলেন, পুলিশ আজ পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করেনি। এ কারণে তাঁরা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকেন।

সাঈদ ও সাব্বিরের বিরুদ্ধে অপর মামলাটি হয় গত বছরের ২৯ ডিসেম্বর চট্টগ্রাম আদালতে। চন্দনপুরার রাজিয়া সুলতানা নামের এক নারী মামলায় তাঁকে মারধরের অভিযোগ করেন। এ মামলায়ও সাঈদ ও সাব্বিরের পাশাপাশি তাঁদের পাঁচ সহযোগী আসামি। আদালত চকবাজার থানা-পুলিশকে মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন।

আসামি গ্রেপ্তার না হওয়ার বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সাব্বির ও সাঈদ এলাকায় ছিঁচকে সন্ত্রাসী হিসেবে পরিচিত। অনেক চেষ্টা করেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারেনি।

এস এম মোস্তাইন হোসেন বলেন, মামলা হলেও থানা-পুলিশ কেন তাঁদের ধরেনি, তা খতিয়ে দেখা হচ্ছে। আগেই তাঁদের ধরা গেলে আদনান খুনের এত বড় ঘটনা হয়তো ঘটত না।

খেলা নিয়ে বিরোধ

গতকাল নগরের চকবাজার, প্যারেড মাঠ, গনি বেকারি ও জামালখান এলাকায় ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হত্যাকাণ্ডে অংশ নেওয়া পাঁচজনই আবদুর রউফ নামের স্থানীয় এক যুবকেরঅনুসারী। রউফ সরকারদলীয় নেতাদের নাম ভাঙিয়ে চলেন। ওই এলাকায় তাঁর নেতৃত্বেই নীরব চাঁদাবাজি ও ছিনতাই চলে। রউফের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কি না, খোঁজ শুরু করেছে পুলিশ।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ প্রথম আলোকে বলেন, জামালখান এলাকায় আবদুর রউফ নামের কেউ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নন।

গতকাল দুপুরে নগরের চকবাজার প্যারেড মাঠে গিয়ে দেখা যায়, স্কুলপড়ুয়া ছেলেরা ক্রিকেট খেলছে। এ মাঠেই নিয়মিত খেলত নিহত আদনান। মাঠের পাশে বসে ছিলেন কয়েকজন অভিভাবক। তাঁরা বলেন, খেলার সময় সন্তানেরা ঝগড়ায় জড়িয়ে পড়ে কি না, তা দেখভাল করছেন তাঁরা। এত দিন তাঁরা আসেননি। আদনান হত্যার পর এমন আশঙ্কা জাগছে মনে।

মাঠে থাকা কেউই আদনান খুনের বিষয়ে কথা বলতে রাজি হয়নি। তবে মাঠের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকজন বলেন, খেলায় নেতৃত্ব নিয়ে আদনানের সঙ্গে ওই যুবকদের বিরোধ ছিল। এ নিয়ে খুনের ঘটনা ঘটেছে বলে মনে করছেন তাঁরা।

মানববন্ধন

খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সম্মিলিত পাঠাগার আন্দোলন নামের একটি সংগঠন। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল, ‘আদনানের হত্যাকারী সন্ত্রাসী আবদুর রউফের অনুসারী মইন, সাব্বির, সাঈদ, আরমান ও জিল্লুরের ফাঁসি চাই।’

কর্মসূচিতে সংহতি জানায় অগ্নিবীণা পাঠাগার, শিশু–কিশোর মেলা, পথিকৃৎ পাঠাগার, সমাজ সমীক্ষা সংঘ, শহীদ রুমী পাঠাগার, নজরুল পাঠাগারসহ বিভিন্ন সংগঠন। বক্তব্য দেন অভিভাবক সুশান্ত বড়ুয়া ও রত্না বৈষ্ণব এবং নিহত আদনানের দুই সহপাঠী মো. জুনায়েদ ও মো. সাফরান।

এর আগে সকালে নিহত আদনানের বন্ধুরা খুনিদের গ্রেপ্তারের দাবিতে নগরের জামালখান মোড় থেকে মিছিল বের করে।

লাশ দাফন

গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আদনানের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে লাশ গ্রামের বাড়ি ফটিকছড়ির শাহনগরে নিয়ে যাওয়া হয়। সেখানে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

মর্গের সামনে নিহত আদনানের স্বজনেরা বাক্‌রুদ্ধ হয়ে পড়েন। বাবা আখতারুল আজম প্রথম আলোকে বলেন, ‘হারানো ছেলেকে আর আমি ফিরে পাব না। কিন্তু খুনিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এমন শাস্তি হোক, যাতে এমন ঘটনা আর না ঘটে।’