খেলা বাদ দিয়ে মেলা
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়াম মাঠে খেলা বাদ দিয়ে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। রাজশাহী শিল্প ও বণিক সমিতি এ মেলার আয়োজন করেছে। আজ (২৬ মার্চ) সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবসে এ মেলার উদ্বোধন করা হবে।রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা জানান, নভেম্বর থেকে মার্চের মধ্যে সাধারণত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম বিভাগ ক্রিকেট লিগ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়। এবার এ পর্যন্ত একটি লিগও অনুষ্ঠিত হয়নি। ২৬ মার্চ মেলা শুরু হয়ে কমপক্ষে এক মাস ধরে চলবে। অনেক সময় মেলার মেয়াদ বাড়ানো হয়। এই ক্ষেত্রেও তা হতে পারে। মেলা শেষ হলেও মাঠ ঠিক করতে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে। তারপর বর্ষা শুরু হলে আর কোনো লিগই অনুষ্ঠিত হবে না। তিনি আরও জানান, মেলা থেকে যে আয় হবে, মাঠ ঠিক করতে তার চেয়ে বেশি ব্যয় হবে।আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলায় দেশি-বিদেশি প্রায় ১১৫টি স্টল থাকছে। এরই মধ্যে স্টল নির্মাণের কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। রোববার সরেজমিনে দেখা গেছে, মাঠের পশ্চিম পাশে মাটি খুঁড়ে একটি পানির ফোয়ারা তৈরি করা হয়েছে। মাঝখানে ফ্লাডলাইট ব্যবহারের জন্য উঁচু টাওয়ার বসানো হয়েছে। মাঠের মাঝখানে টিনের ছাউনির বেশ কয়েকটি ঘর তৈরি করা হয়েছে। পূর্ব পাশে ১০ থেকে ১৫টি পাকা শৌচাগার নির্মাণ করা হয়েছে। চারদিক দিয়ে স্টল তৈরি করা হয়েছে। মাঠের মাঝখান দিয়ে ইট বিছিয়ে রাস্তা তৈরি করা হয়েছে।মেলার উদ্বোধন করবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবদুল হান্নান জানান, মেলার কারণে খেলার সূচির কোনো পরিবর্তন হবে না। বিকল্প জায়গায় খেলার ব্যবস্থা করা হয়েছে। শিল্প-বাণিজ্যে রাজশাহী পিছিয়ে রয়েছে বলেই এই মাঠে মেলার আয়োজন করা হয়েছে। রাজশাহী মানুষের জন্য এটারও প্রয়োজন রয়েছে।রাজশাহী শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মুনজুর রহমান জানান, এই সময়ে খেলার কোনো সূচি নেই দেখেই তাঁরা মেলার আয়োজন করেছেন।