খেলাঘরের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় ১৩২ শিশু হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা খেলাঘর। গতকাল শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে এ সমাবেশ হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি রথীন চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু। সমাবেশের শুরুতেই পাকিস্তানে নিহত ১৩২ শিশুর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রথীন চক্রবর্তী বলেন, ‘আফগানিস্তান থেকে তালেবানদের উৎপত্তি হয়ে তা এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও জঙ্গিবাদের উত্থানের চেষ্টা করা হয়েছে। পাকিস্তানের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। না হলে এর মাশুল বাংলাদেশকেও দিতে হবে। বাংলাদেশে যারা জঙ্গিবাদের ধারক ও বাহক তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে।’ তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সাত খুন ও মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার এখনো হয়নি।
সমাবেশ শুরুর আগে খেলাঘরের সম্মেলন সামনে রেখে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য শিল্পী আবুল বার্ক ও নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামসুল আলম।