খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন মাহফুজা খানম বলেন, ‘লাখো শহীদের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই বাংলাদেশের শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করতে হবে। সেই বাংলাদেশ যেন সবাই মিলে গড়ে তুলতে পারি।’
গতকাল শুক্রবার সকালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে খেলাঘর বরিশাল জেলা সম্মেলন ও বিভাগীয় শিশু সমাবেশের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন মাহফুজা খানম।
খেলাঘরের বন্ধুদের গাওয়া জাতীয় সংগীতে কণ্ঠ মেলান সম্মেলন ও সমাবেশে উপস্থিত শিশু, অভিভাবক ও সাধারণ মানুষ। সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও খেলাঘরের পতাকা। এর পরই শুরু হয় স্লোগান ‘খেলাঘর চায় কী, শিক্ষা শান্তি।’
স্লোগানের ধ্বনি ম্লান হতেই ‘আনন্দ মেলা হই আনন্দমেলা, মাথার ওপরে সূর্য ওই বাতাস দিয়েছে দোলা’ এই সংগীতের সঙ্গে খেলাঘরের বন্ধুদের পরিবেশনায় উদ্বোধনী নৃত্যের সঙ্গে একাকার হয়ে যায় সবাই।
খেলাঘর বরিশাল জেলা সংসদের সভাপতি জীবন কৃষ্ণ দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জেবুন্নেছা আফরোজ। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম। স্বাগত বক্তব্য দেন খেলাঘর বরিশাল জেলা সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক জগলুল হায়দার।