
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের যুবসমাজকে ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় রাখতে পারলেই কেবল সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের ভয়াবহতা থেকে তাদের মুক্ত রাখতে পারব।’
দেশসেরা ক্রীড়াবিদদের মাঝে ২০১০, ২০১১ ও ২০১২ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড যুবসমাজের মাঝে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা এবং দেশপ্রেম সৃষ্টি করে। আমরা তাদের যত বেশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারব, তত বেশি তারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে।’
খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর ও পরিশীলিত।’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ধারাবাহিক সাফল্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ একদিন বিশ্বকাপও জয় করবে।
দাবির পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ঘোষিত ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে ৬ এপ্রিলকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালনের কথাও অনুষ্ঠানে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুজন এবং ২০১০, ২০১১ ও ২০১২ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার হিসেবে মোট ৩২ জনকে গতকাল পদক দেওয়া হয়।
শেখ হাসিনা বলেন, ‘আমরা অত্যন্ত সফলতার সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ উদ্বোধনী অনুষ্ঠানসহ আটটি ম্যাচ এবং চারটি অনুশীলন ম্যাচের আয়োজন করেছি। এ ছাড়া বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০০৯, ১১তম সাউথ এশিয়ান গেমস ২০১০, আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্ব ২০১১, এশিয়া কাপ ক্রিকেট ২০১২, এশিয়া কাপ ক্রিকেট ২০১৪ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বাংলাদেশ ২০১৪-সহ অসংখ্য আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের সফল আয়োজক বাংলাদেশ।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের উদ্যোগের ফলেই আইসিসি চ্যাম্পিয়ন, ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ। সেই থেকে আন্তর্জাতিক ক্রিকেটে একটি সম্মানজনক নাম হয়ে ওঠে বাংলাদেশ।’
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দেশের শাসনভার গ্রহণের পরপরই ক্রীড়া ফেডারেশনসমূহে নির্বাচনের ব্যবস্থা করে। খেলাধুলার প্রসারে আর্থিক অনুদান বৃদ্ধি করে। ক্রীড়া প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়।
শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকার রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক অবস্থার যে পরিবর্তনের অঙ্গীকার করেছে, তার মধ্যে ক্রীড়াঙ্গনও রয়েছে।’
ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। যুব ও ক্রীড়াসচিব মো. আকতার উদ্দিন আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।