খেলাধুলা বন্ধ স্কুলমাঠে মাছ ধরে শিক্ষার্থীরা
জয়পুরহাটের কালাই উপজেলার রাঘবপুর চৌমুহনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রায় সারা বছর জলাবদ্ধ থাকে। বর্ষাকালে এ মাঠ থাকে পানিতে টইটম্বুর। বর্ষার পর পানি কিছুটা নেমে গেলে জলাবদ্ধ মাঠে আটকা পড়ে মাছ। খেলাধুলার পরিবর্তে প্রায় সারা বছর জলাবদ্ধ সেই মাঠে শিক্ষার্থীরা হাতড়ে মাছ ধরে। গত সোমবার সরেজমিনে দেখা যায়, ১৯৯৮ সালে স্থাপিত এ বিদ্যালয়ের সামনের বিশাল মাঠ জলাবদ্ধ। মাঠের পানি বিদ্যালয় ভবন ছুঁই ছুঁই করছে। শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, একটু বৃষ্টি হলেই মাঠে জমা পানি শ্রেণীকক্ষে ঢুকে পড়ে। বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের ৫০ শতাংশ জায়গার ৪০ শতাংশই মাঠ। অর্থাভাবে এ মাঠ ভরাট করতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। মাঠে সারা বছর পানি থাকায় খেলাধুলা করতে পারে না বিদ্যালয়ের প্রায় দেড় শ শিক্ষার্থী।বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাজেন চন্দ্র বলে, ‘বর্ষায় স্কুলমাঠ পানিতে টইটম্বুর থাকে। তখন স্যাররা সেখানে মাছ ধরেন। বর্ষার পর পানি কিছুটা নেমে গেলেও জলাবদ্ধ মাঠে আটকা পড়ে অনেক মাছ। স্কুল ছুটির পর আমরা প্রায় দিন জলাবদ্ধ মাঠে হাতড়ে মাছ ধরি।’ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী স্বপ্না আকতার বলে, ‘মাঠে পানি থাকায় আমরা খেলতে পারি না।’বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক সেলিম হোসেন বলেন, মাঠ সারা বছর জলাবদ্ধ থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকতারুজ্জামান বলেন, ‘মাঠ ভরাট করার মতো সামর্থ্য বিদ্যালয়ের নেই। মাঠ ভরাটের জন্য বিভিন্ন স্থানে ধরনা দিয়েছি, কিন্তু অদ্যাবধি কোনো বরাদ্দ মেলেনি।’ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘মাঠ ভরাটের বরাদ্দের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেশ কয়েকবার আমার কাছে এসেছিলেন। ওই বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য অনেক বেশি বরাদ্দের প্রয়োজন। কিন্তু উপজেলা পরিষদের পক্ষ থেকে তা বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। ভবিষ্যতে একবারে না হলেও পর্যায়ক্রমে ওই বিদ্যালয়ের মাঠ ভরাট করা হবে।’