খেলাধুলার অনুপযোগী বাংলাদেশ মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে পুরান ঢাকার বংশালের বাংলাদেশ মাঠ৷ মাঠটি বালুতে ভরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে পুরান ঢাকার বংশালের বাংলাদেশ মাঠ৷ মাঠটি বালুতে ভরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পুরান ঢাকার বংশালের ঐতিহ্যবাহী বাংলাদেশ মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। মাঠে খেলার সময় বাতাসে উড়ছে ধুলাবালি। বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে ইট-পাথরের কণা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চারপাশে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাংলাদেশ মাঠে ধুলাবালির কারণে খেলতে আসা শিশু-কিশোরদের শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। খেলাধুলার প্রতি তাদের আগ্রহও কমে যাচ্ছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, বংশালের মাজেদ সরদার কমিউনিটি সেন্টার-সংলগ্ন এই মাঠটিতে দুই থেকে তিন ইঞ্চি পুরু ধুলাবালির স্তর জমে আছে। মাঠের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে ইট-পাথরের টুকরো। উত্তর ও পূর্ব পাশে বসার স্থানসহ (গ্যালারি) চারপাশে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। তার মধ্যেই মহল্লার শিশুরা খেলতে নেমেছে। মাঠের উত্তর-পূর্ব পাশে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। তবে ক্লাবের ভেতরে কাউকে দেখা যায়নি।
মাঠে বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হাসান। তিনি বলেন, মাঠে বালু ও ইট-পাথরের টুকরোর কারণে ঠিকমতো খেলাধুলা করা যাচ্ছে না। কয়েক দিন আগে ইটের টুকরোর ওপর পড়ে গিয়ে আহত হয়েছে আগা সাদেক লেনের এক কিশোর। এ ছাড়া মাঠে ধুলাবালির কারণে শ্বাসকষ্ট হয়।
ডিএসসিসি ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাংলাদেশ মাঠে প্রায় ১০ বছর আগে একবার ঘাস লাগানো হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। এরপর আর মাঠটি সংস্কার করা হয়নি। মাঠের দুটি ফটক (উত্তর-দক্ষিণ) সব সময় খোলা থাকায় রাতে চলে মাদকসেবীদের আড্ডা।
স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন আহাম্মদ বলেন, আগে বাংলাদেশ মাঠে প্রশিক্ষণ নিয়ে ফুটবল ও ক্রিকেটে জাতীয় পর্যায় খেলেছে মহল্লার ছেলেরা। কিন্তু মাঠটি সংস্কার না করায় এখন খেলার কোনো পরিবেশ নেই। তা ছাড়া ধুলাবালি উড়ে আশপাশের বাসাবাড়িতে ঢুকছে। এতে মহল্লাবাসীর স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। মাঠে মাটি ফেলে ঘাস ও গাছ লাগানো দরকার।
এই মাঠটি স্বাধীনতার আগে ‘পাকিস্তান মাঠ’ হিসেবে পরিচিত ছিল। এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের অধীনে আছে এই মাঠ। ডিএসসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আউয়াল হোসেন প্রথম আলোকে বলেন, মাঠটি সংস্কারের জন্য ডিএসসিসির মেয়র সাঈদ খোকনকে জানানো হয়েছে। সংস্কার করে মাঠে ঘাস লাগানো হবে।