খেলাধুলার আসরে খেলোয়াড় নেই
রাজশাহীতে স্কুল-মাদ্রাসার ৪৪তম গ্রীষ্মকালীন খেলাধুলার জেলা পর্যায়ের আসরে খেলোয়াড় নেই। প্রতিযোগী খেলোয়াড় না থাকায় গত সোমবার দ্বিতীয় দিনে ১২টি খেলার একটিও অনুষ্ঠিত হয়নি। এ ব্যাপারে জেলা কমিটির সম্পাদক কিছুই জানেন না।
এই আসরে ছেলেদের ফুটবল, মেয়েদের ফুটবল, ছেলেদের হ্যান্ডবল, মেয়েদের হ্যান্ডবল, ছেলেদের কাবাডি ও মেয়েদের কাবাডি খেলা চলছে।
সরকার থেকে বাধ্যতামূলক এই খেলা পরিচালনার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি রয়েছে। জেলা পর্যায়ে এই কমিটির সভাপতি জেলা প্রশাসক ও সম্পাদক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। উপজেলা পর্যায়ে সভাপতি উপজেলা চেয়ারম্যানকে ও সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
রাজশাহী মহানগরসহ জেলার ১০টি উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা। এরপর জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে উপ-আঞ্চলিক প্রতিযোগিতা হবে। গত ১৬ আগস্ট থেকে উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। জেলা পর্যায়ে গত রোববার থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ বুধবার সেমিফাইনাল ও কাল বৃহস্পতিবার ফাইনাল খেলা হওয়ার কথা।
খোঁজ নিয়ে জানা গেছে, ১০টি উপজেলা দলের মধ্যে ছাত্রীদের ফুটবলে শুধু বাঘা, চারঘাট, পবা ও বোয়ালিয়া দল; হ্যান্ডবলে বাঘা, চারঘাট, পবা ও দুর্গাপুর দল; কাবাডিতে শুধু পবা উপজেলা দল অংশ নিয়েছে। ছাত্রদের ফুটবলে ১০টি দল উপস্থিত হলেও কাগজপত্র ঠিক না থাকায় পুঠিয়া উপজেলা দল অংশ নিতে পারেনি। ছাত্রদের হ্যান্ডবলে বাঘা, গোদাগাড়ী, পবা, বোয়ালিয়া ও দুর্গাপুর দল এবং কাবাডিতে বাঘা, পবা, দুর্গাপুর, গোদাগাড়ী ও বোয়ালিয়া দল অংশ নেয়।
পুঠিয়া উপজেলার নন্দনপুর উচ্চবিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল। খেলা পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, একটি নির্ধারিত ফরমে বিজয়ী দলকে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা চিঠি দেন। চিঠিটি নির্ধারিত ফরমে ছিল না। জেলা পর্যায়ে এসে খেলার সুযোগ না পেয়ে ছাত্ররা ফিরে গিয়ে স্থানীয় সাংসদ কাজী আবদুল ওয়াদুদের কাছে অভিযোগ করেছেন।
যোগাযোগ করা হলে পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, সামান্য ত্রুটির কারণে উপজেলা দলকে বাদ দেওয়া হয়েছে।
ছাত্রদের ফুটবল ছাড়া পুঠিয়া থেকে আর কোনো দল কেন খেলতে যায়নি—জানতে চাইলে তিনি বলেন, দুজন ছাত্রীর বাবা আপত্তি করেছেন। টাকা-পয়সা না থাকার কারণে অন্য দল যেতে পারেনি।
ছাত্রদের ফুটবল দল ছাড়া মোহনপুর উপজেলার কোনো দল রাজশাহীতে খেলতে আসেনি। এ ব্যাপারে খেলা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সামাদ বলেন, এ ব্যাপারে পরিষদ থেকে কিছু অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। কোনো দল গেল কি না, এ জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সঙ্গে যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করা হলে জয়নাল আবেদীন বলেন, মেয়েরা না খেললে তিনি কী করবেন? ছেলেদেরও সব দল যায়নি কেন—জানতে চাইলে তিনি বলেন, চিঠিপত্র দিয়ে সহযোগিতা করেছেন। না গেলে কী করবেন। টাকাপয়সা লাগবে, এই জন্য হয়তো যায়নি।
গোদাগাড়ী উপজেলা থেকেও বেশির ভাগ দল জেলা পর্যায়ে খেলতে আসেনি। জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান ইসহাক আলী বলেন, তিনি বিষয়টি জানেন না। জানানোর জন্য তিনি প্রতিবেদককে ধন্যবাদ জানান। ভবিষ্যতে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
পুঠিয়া উপজেলার এসআর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী বেগম বলেন, তাঁর বিদ্যালয়ের মেয়েরা ফুটবল এবং কাবাডিতে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু বিদ্যালয়ের তহবিলে টাকা না থাকার কারণে মেয়েদের নিয়ে জেলা পর্যায়ে খেলতে যেতে পারেননি।
জেলা পর্যায়ে উপজেলা দল কেন আসছে না—জানতে চাইলে রাজশাহী জেলা কমিটির সম্পাদক রফিকুল আলম বলেন, ‘আমি বিষয়টি জানি না। কেউ আমাকে জানায়নি। আপনি বললেন, আগামীবার দেখব।’
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম তুহিনুর আলম বলেন, এটা বাধ্যতামূলক প্রতিযোগিতা। এ ব্যাপারে কর্মকর্তাদের আরও যত্নশীল হওয়া উচিত ছিল।