খেলাধুলার জন্য আরও সুযোগ-সুবিধা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের খেলাধুলা আরও এগিয়ে যাবে—এ আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপই তাঁর সরকার গ্রহণ করবে। খেলাধুলায় উৎসাহ এবং সহযোগিতা করতে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধিসহ সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬’ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬’-এর ট্রফি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।

শেখ হাসিনা বলেন, ‘এই খেলাধুলার জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি, সেই ব্যবস্থা আমরা করব। আমরা চাই, এই খেলাধুলার দিকে সবাইকে আরও মনোনিবেশ করবেন। আমাদের লক্ষ্যই হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা খেলাধুলার দিকে আরও নজর দিক। এগিয়ে যাক।’

শিক্ষক-অভিভাবক ও জনপ্রতিনিধিদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘বিভিন্ন স্তরে, যারা একটু সচ্ছল ব্যক্তি আছেন এবং প্রত্যেক এলাকার এলাকাবাসী—সবাইকে আমি আহ্বান জানাব যে খেলাধুলার প্রতি আমাদের ছেলেমেয়েরা মনোনিবেশ করেছে, তাদের আরও উৎসাহ প্রদান করতে হবে। এর সঙ্গে সঙ্গে সব ধরনের সুযোগ-সুবিধা স্কুলগুলো যেন পায়, সে ব্যবস্থা তাঁরা করবেন।’

এ বছর ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬’-এ অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ৬৪ হাজার ২৬০টি। মোট ৩২ হাজার ১৩০টি খেলা অনুষ্ঠিত হয়। অন্যদিকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-এ ৬৪ হাজার ১৯৬টি বিদ্যালয়ের অংশগ্রহণে মোট ৩২ হাজার ৯৮টি খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট দুটিতে ২১ লাখ ৮৩ হাজার ৭৫২ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রধানমন্ত্রী স্টেডিয়ামে উপস্থিত থেকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬’-এর ফাইনাল ম্যাচ উপভোগ করেন। এতে লালমনিরহাটের তেপুর গাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রাজশাহীর বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জয় করে।

খেলা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-এ ২০১৬ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬’-এর বিজয়ী, রানার্সআপ এবং তৃতীয় স্থান অধিকারকারী দল ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয় পেকুয়া কক্সবাজারের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে স্বর্ণ ট্রফি ও এক লাখ টাকার প্রাইজমানি এবং খেলোয়াড়দের প্রত্যেককে ১০ হাজার টাকার প্রাইজমানি এবং মেডেল ব্যক্তিগত পুরস্কার হিসেবে তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রানার্সআপ কামরাঙ্গীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জৈন্তাপুর সিলেটকে রৌপ্য ট্রফি, নগদ ৭৫ হাজার টাকার প্রাইজমানি এবং খেলোয়াড়দের প্রত্যেককে সাড়ে সাত হাজার টাকার ব্যক্তিগত পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনসহ মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।