খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে সরকার সব পদক্ষেপ নেবে: প্রধানমন্ত্রী

দেশের খেলাধুলা আরও এগিয়ে যাবে—এই আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপই তাঁর সরকার গ্রহণ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬’ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬’-এর ট্রফি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই খেলাধুলার জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি সেই ব্যবস্থা আমরা করব। কাজেই আমরা চাই এই খেলাধুলার দিকে সকলে আরও মনোনিবেশ করবেন।’
খেলাধুলার মধ্য দিয়ে দেশের ছেলেমেয়েরা দেশপ্রেমিক হবে, দেশের দিকে আরও নজর দেবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি খেলাধুলায় উৎসাহ এবং সহযোগিতা দিতে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধিসহ সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মেয়েরা এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ভারতে অনুষ্ঠিত নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আমরা রানারআপ হয়েছি।’ প্রধানমন্ত্রী এ সময় প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরিতে তাঁর সরকারের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী স্টেডিয়ামে উপস্থিত থেকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬’-এর ফাইনাল ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬’ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬’-এর বিজয়ী, রানার্সআপ এবং তৃতীয় স্থান অধিকারকারী দল ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ফুটবল ফেডারেশনের সভাপতি গাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন।