খেলাপি ঋণের অর্ধকোটি টাকা আদায় করতে ৩২৮ মামলা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৫৬ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা খেলাপি ঋণ আদায় হচ্ছে না। এ টাকা আদায় করতে রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংক ও বিআরডিবি অফিস ৩২৮টি সার্টিফিকেট মামলা করেছে।উপজেলা সার্টিফিকেট অফিসারের আদালতে দুই বছর ধরে ওই মামলাগুলো বিচারাধীন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ আদালতের বিচারক। রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক ও বিআরডিবি অফিস থেকে কৃষি ঋণ দেওয়া হয়। স্কুলশিক্ষক আবুল কাশেম বলেন, প্রকৃত কৃষক ঋণ পেলে তাঁরা কখনোই খেলাপি করেন না। কিন্তু রাজনৈতিক সুপারিশের কারণে ব্যাংক ঋণ দেয়। এতে ওই অর্থের বড় অংশই আদায় হওয়ার সম্ভাবনা ক্ষীণ।সোনালী ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক প্রাণ কৃষ্ণ পাল বলেন, যাচাই-বাছাই করে প্রকৃত কৃষকদের ঋণ দেওয়া হয়। অধিকাংশ কৃষক যথা সময়ে ঋণ পরিশোধ করেন। কিছু কৃষক ঋণ পরিশোধ না করায় সার্টিফিকেট মামলাগুলো করা হয়।