খেলাপি ঋণের সুদ শতভাগ মওকুফ না করার সুপারিশ
খেলাপি ঋণের সুদ শতভাগ মওকুফ না করার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ ব্যাপারে প্রয়োজনীয় অর্থ দিতে মন্ত্রণালয়কে বলেছে কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যাপক আলী আশরাফ, চিফ হুইপ আবদুস শহীদ, টি আই এম ফজলে রাব্বি, ইমাজ উদ্দিন প্রামাণিক, খান টিপু সুলতান ও ফরিদা আখতার অংশ নেন। সভায় অর্থ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পঋণ সংস্থার (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড) খেলাপি ঋণের হিসাবের ওপর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিশেষ নিরীক্ষা প্রতিবেদনের অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়।সভায় বলা হয়, খেলাপি ঋণের সুদ পুরো মওকুফ করে দেওয়া একটি রেওয়াজে পরিণত হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, খেলাপি ঋণগ্রহীতারা এ সুযোগ পেলে ভালো ঋণগ্রহীতারা তা পাবেন না কেন? কমিটি কোনো খেলাপি ঋণগ্রহীতাকেই ঋণের সুদ পুরো মওকুফ না করার পরামর্শ দিয়েছে। তবে প্রয়োজনমতো মূল অর্থ উদ্ধারে সুদের কিছু অংশ মওকুফ করার প্রস্তাব দেওয়া হয়।সভায় নীতিমালাবহির্ভূতভাবে ঋণ দেওয়াসহ বিভিন্ন অডিট আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলো আগামী এক মাসের মধ্যে কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়। সভায় প্রকল্প মূল্যায়নে অনিয়মের ফলে নর্দার্ন ডিস্ট্রিলারিজ লিমিটেডের ৭৪ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকা খেলাপি ঋণের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বিচারাধীন মামলাগুলো তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।