খেলাপিরা নিচ্ছেন ঋণ!
মৎস্যচাষি হিসেবে সমিতি গঠন করে সোনালী ব্যাংক, যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শাখা থেকে প্রায় ৪৬ লাখ টাকা ঋণ নিয়েছিলেন উপজেলার সুন্দলী গ্রামের পরিতোষ বিশ্বাস। সুদেমূলে ওই ঋণের পরিমাণ এখন প্রায় ৭০ লাখ টাকা। কাগুজে এ সমিতিটি এখন ঋণখেলাপি। তথ্য গোপন করে আরেকটি মৎস্য সমিতির নামে তিনি বাংলাদেশ বিনিয়োগ করপোরেশনে (আইসিবি) আবেদন করে প্রায় এক কোটি ২০ লাখ টাকা ঋণের অনুমোদন পেয়েছেন।একইভাবে এই ব্যাংকের ঋণখেলাপি উপজেলার আরও তিনটি মৎস্য সমিতির কর্মকর্তারা তথ্য গোপন করে নতুন সমিতির নামে আইসিবি থেকে প্রায় চার কোটি টাকা ঋণের অনুমোদন পেয়েছেন। নতুন এ সমিতি তিনটি হলো সেলিব্রেটি অ্যাগ্রো ফিশারিজ অ্যান্ড হ্যাচারি কমপ্লেক্স লিমিটেড, ডাঙ্গা মশিয়াহাটী অ্যাগ্রো ফিশারিজ অ্যান্ড হ্যাচারি লিমিটেড এবং তৃপ্তি অ্যাগ্রো ফিশারিজ লিমিটেড।ব্যাংক সূত্র জানায়, সরকারের বিশেষ কর্মসূচির আওতায় সোনালী ব্যাংক, নওয়াপাড়া শাখা ২০০২ সাল থেকে ২০০৪ সালের মধ্যে ৬০টি ‘প্রকৃত মাছচাষি সমিতি’কে আট কোটি ৫৪ লাখ টাকা ঋণ দেওয়া হয়। এর মধ্যে ৫৮টি সমিতির এক হাজার ৭২০ জন সদস্যের কাছে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১০ কোটি ৯৬ লাখ টাকা।সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিতোষ বিশ্বাস ২ নম্বর সুন্দলী ইউপির প্রান্তিক মৎস্যচাষি সমিতির সম্পাদক হিসেবে ২০০৩ সালে ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে এখন খেলাপি। ২০০৯ সালে তিনি শৌখিন ফিশারিজ লিমিটেড নামে একটি সমিতি গঠন করেন। ওই সমিতির পরিচালক হিসেবে বাংলাদেশ বিনিয়োগ করপোরেশন (আইসিবি) থেকে সম্প্রতি প্রায় এক কোটি ২০ লাখ টাকা ঋণের অনুমোদন পেয়েছেন তিনি। পরিতোষ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘কোনো তথ্য গোপন করা হয়নি। আমি কোনো ঋণখেলাপি না, এমনকি কোনো সদস্যের জামিনদারও না।’সুন্দলী আদর্শ মৎস্যচাষি সমিতির নামে ২০০৩ সালে এই ব্যাংক থেকে ১৮ লাখ ৪৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তাপস বিশ্বাস। সুদেমূলে তা এখন প্রায় ৩০ লাখ। তিনি ঋণখেলাপি। সেলিব্রেটি অ্যাগ্রো ফিশারিজ অ্যান্ড হ্যাচারি কমপ্লেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি আইসিবি থেকে প্রায় এক কোটি ২০ লাখ টাকা ঋণের অনুমোদন পেয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সব নিয়মকানুন মেনেই ঋণের জন্য আমরা আবেদন করেছি। এ ক্ষেত্রে কোনো তথ্য গোপন করা হয়নি। সোলালী ব্যাংক থেকে আমি ব্যক্তিগত ৫০ হাজার টাকা মৎস্য ঋণ নিয়ে ৪৮ হাজার টাকা পরিশোধ করেছি। তার পরও ব্যাংকের তালিকায় আমি ঋণখেলাপি।’সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক আবদুল জলিল প্রথম আলোকে বলেন, মাছচাষি সেজে কাগজে-কলমে সমিতি গঠন করে ব্যাংক থেকে বিপুল অঙ্কের মৎস্যঋণ নেওয়া হয়েছে। ওই ঋণগ্রহীতাদের দ্বারে দ্বারে ঘুরেও ঋণের টাকা আদায় সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমরা ১০ জন ঋণখেলাপির বিরুদ্ধে মামলা করেছি। আরও প্রায় এক হাজারজনকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক, সংশ্লিষ্ট সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঋণখেলাপি সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের চূড়ান্ত প্রস্তুতি চলছে।’ তিনি আরও বলেন, ‘কয়েকটি ঋণখেলাপি সমিতি তথ্য গোপন করে আইসিবির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে মোটা অঙ্কের ঋণের আবেদন করেছেন বলে আমরা জানতে পেরেছি। তাঁরা যাতে ঋণ না পান, সে জন্য আমরা আইসিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’আইসিবির ইকুইটি অ্যান্ড এন্টারপ্রেনরশিপ ফান্ড (ইইএফ) বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অসিত কুমার চক্রবর্তী জানান, ঋণের টাকা বাংলাদেশ ব্যাংকের। আইসিবি শুধু মধ্যস্থতার ভূমিকা পালন করে। ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট সমিতির কর্মকর্তারা ঋণখেলাপি কিনা, তা বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। তিনি বলেন, ‘যশোরের ওই চারটি সমিতিসহ প্রায় ৬০০ সমিতির নামে আমরা সর্বনিম্ন ৮০ লাখ টাকা থেকে সর্বোচ্চ এক কোটি ২০ লাখ টাকা করে ঋণ অনুমোদন দিয়েছি। তবে এ পর্যন্ত ৫০টি সমিতিও ঋণ নিতে আসেনি।’