খেলাফত মজলিসের একাংশের যুগ্ম মহাসচিব এবং খুলনা শহরের দোলখোলা জামে মসজিদের ইমাম মাওলানা শাখাওয়াত হোসেনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সাত বছর আগে খুলনার হোমিও চিকিত্সক আজিজুর রহমানকে অপহরণ ও লাশ গুমের ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ১৬ ফেব্রুয়ারি শাখাওয়াত হোসেনকে দুই দিনের রিমান্ডে নেয় সিআইডি। গতকাল মঙ্গলবার রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।২০০৩ সালে খুলনার ইমাম পরিষদ ডা. আজিজকে মুরতাদ ঘোষণা করে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। আজিজ প্রাণভয়ে সপরিবারে পালিয়ে ঢাকায় চলে আসেন। পরে ঢাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, হুজির জঙ্গিরা তাঁকে হত্যা করে লাশ গুম করেছে। ফারহানা রেজা বাদী হয়ে ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থানায় অপহরণ মামলা করেন। কিন্তু ২০০৭ সালের ১২ মে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলাটির অপমৃত্যু ঘটানো হয়।২০০৮ সালের ১৮ মে পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদের সঙ্গে দেখা করে মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করেন ফারহানা রেজা। এতে বলা হয়, ওই বছরের ৩ মে প্রথম আলোতে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন হুজি নেতা মুফতি হান্নানের নেতৃত্বে তাঁর স্বামীকে হত্যা করে জঙ্গিরা। এরপর পুলিশের উদ্যোগে মামলাটি আদালতের মাধ্যমে পুনরুজ্জীবিত করা হয়। সিআইডি মামলাটি তদন্ত করছে।