খেলাফতের আমির আতাউল্লাহ আবার মহাসচিব জাফরুল্লাহ
প্রয়াত মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের ছোট ছেলে আতাউল্লাহ ২০১৫-১৬ সালের জন্য বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির নির্বাচিত হয়েছেন। মহাসচিব হয়েছেন সদ্য পদত্যাগী জাফরুল্লাহ খান।
গতকাল শনিবার ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া নূরীয়া মাদ্রাসায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিলে (মজলিশে শুযরা) সর্বসম্মতিক্রমে আমির ও সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে মহাসচিব নির্বাচিত হন। দলের নেতারা জানান, মহাসচিব পদে কাউন্সিলরদের কাছ থেকে চারজনের নাম প্রস্তাব হয়। তাঁরা হলেন: দলের সাবেক মহাসচিব জাফরুল্লাহ খান, যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজী, সহকারী মহাসচিব মুজিবুর রহমান হামিদী ও সংখ্যালঘুবিষয়ক সম্পাদক আবু জাফর কাশেমী। উপস্থিত ৬০ জন কাউন্সিলর এ চারজনকে প্রকাশ্যে সমর্থন জানান। এর মধ্যে হাবিবুল্লাহ মিয়াজী সবচেয়ে কম, আর জাফরুল্লাহ খান বেশির ভাগ কাউন্সিলরের সমর্থন পান।
অবশ্য, আগের আমির শাহ আহমদুল্লাহ আশরাফের ছেলে হাবিবুল্লাহ মিয়াজী দলের মহাসচিব হওয়ার চেষ্টা করেন। তাঁর চাপেই জাফরুল্লাহ খান পদত্যাগ করেন এবং ভবিষ্যতে মহাসচিব পদে প্রার্থী হবেন না বলে লিখিতও দেন। এ নিয়ে এক সপ্তাহ ধরে দলের ভেতরে-বাইরে আলোচনা-সমালোচনা হচ্ছিল।
দলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফখরুল ইসলামকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুলতান মহিউদ্দিনকে প্রচার সম্পাদক করে ৪০ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি করা হয়েছে।